'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের নিমতলা নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশের ভাষ্য।
নিহত ব্যক্তির নাম আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০)। বাড়ি সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে। বাবা শামসুল মণ্ডল।
পুলিশের দাবি, আক্তারুল ডাকাত দলের সদস্য ছিলেন। বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবির বিষয়ে আক্তারুলের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিনের ভাষ্য, ১০-১২ জন ব্যক্তি কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছেÑবলে খবর পাওয়া যায়। মিরপুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে ‘বন্দুকযুদ্ধ’ হয়। ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ময়নাতদন্তের জন্য আক্তারুলের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি কাজী জালাল উদ্দিন বলেন, আক্তারুলের বিরুদ্ধে মিরপুর থানায় খুন, ডাকাতি ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।