'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত
ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে ডাকাত বলছে পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড়ে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত ব্যক্তির নাম মুরাদ আকন্দ (২৪)। তাঁর বাড়ি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজার এলাকায়।
পুলিশের ভাষ্য, উপজেলার ভরাডোবা-উথুরা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। তথ্য পেয়ে গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভিযানে যায় ভালুকা মডেল থানার পুলিশের একটি দল। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে নিহত ব্যক্তির পরিচয় জানতে পারে পুলিশ।
ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, নিহত মুরাদের নামে ভালুকা মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।