'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামালগঞ্জ বাজারের রেলগেট এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম পরিতোষ কুমার দাস ওরফে পরি (৪০)। তাঁর বাড়ি উপজেলার রুকিন্দীপুর গ্রামে। তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের ভাষ্য, রেলগেট এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যায়। পুলিশের একটি দল সেখানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে পরিতোষ ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা সটকে পড়ে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, পরিতোষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।