'বন্দুকযুদ্ধে' সর্বহারা ক্যাডার জলিল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জলিল ওরফে কানা জলিল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, তিনি নিষিদ্ধ সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।
জলিলের বাড়ি উপজেলার আগরপুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) ১ নম্বর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশারের ভাষ্যমতে, র্যাবের একটি নিয়মিত টহল দল গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বাবুগঞ্জের আগরপুর ইউনিয়নের সিলনদিয়া দিয়ে যাচ্ছিল। এ সময় সিলনদিয়া বাজারের অদূরে একটি বাগানের মধ্যে কিছু সশস্ত্র লোকের সমাগম দেখে র্যাবের টহল দলটি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। অন্যরা র্যাবের গাড়ি ও সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় র্যাবের ডিএডি আবদুর রহমানের গায়ে গুলি লাগলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরায় তিনি গুরুতর আহত হননি। প্রায় ১০ মিনিট গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় ব্যক্তিরা লাশটি সর্বহারা ক্যাডার আবদুল জলিল ওরফে কানা জলিলের বলে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল, চারটি গুলিসহ একটি রিভলবার, দুটি গুলির খোসা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ক্যাপ্টেন আবুল বাশার বলেন, জলিল ১৯৮৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২১টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁর বিরুদ্ধে বাবুগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে শরীয়তপুর ও মাদারীপুর থানার দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। বাবুগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলায় পরোয়ানা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য, আশির দশকে বাবুগঞ্জে সর্বহারা পার্টির অবাধ বিচরণের সময় জিয়া গ্রুপের ক্যাডার ছিলেন আ. জলিল। পরবর্তী সময়ে তিনি সর্বহারা কামরুল গ্রুপে যোগ দেন।