'বন্দুকযুদ্ধে' হতাহত দুই
রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোয়াজ্জেম ফকির (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গত বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারের পর দিবাগত মধ্যরাতে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশের ভাষ্য, তিনি চরমপন্থী দলের সক্রিয় নেতা।
একই রাতে রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হন খোরশেদ আলম সোহেল (৩০)। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, আশুলিয়ার জিরানী থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পাংশার সরিষা ইউনিয়নের নাওরা বনগ্রামে তিন রাস্তার মোড়ে একটি বটগাছের কাছে অস্ত্র থাকার কথা জানান। তাঁকে নিয়ে মধ্যরাতে সেখানে অভিযানে গেলে অতর্কিতে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা শটগানের গুলি ছোড়ে। এই সুযোগে মোয়াজ্জেম পুলিশের গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। দুই পক্ষের গুলিবিনিময়ের মাঝে পড়ে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেমকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোয়াজ্জেম পাংশার মধ্যপাট্রা গ্রামের মজিদ ফকির ওরফে মজিদ বাউলের ছেলে। পুলিশ বলছে, মোয়াজ্জেম চরমপন্থী সর্বহারা দলের স্থানীয় বিপুল বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে পাংশা থানায় সাতটি হত্যা, একটি চাঁদাবাজির এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ আহত ১
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রুহুল আমিন সরকার প্রথম আলোকে বলেন, নন্দীপাড়া ১ নম্বর সড়কের একটি ফাঁকা প্লটে গ্রেপ্তার হওয়া আসামিরাসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁরা জানতে পারেন। অভিযান চালাতে সেখানে পৌঁছামাত্র পুলিশকে লক্ষ্য করে তাঁরা গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তবে খোরশেদ সন্ত্রাসীদের গুলিতেই আহত হয়েছেন। গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে তিনিসহ পুলিশের পাঁচজন আহত হয়েছেন।
গ্রেপ্তার বাকি তিনজন হলেন মো. রকিব ওরফে রফিকুল ইসলাম ওরফে স্বপন (২৬), মো. হারুন-অর-রশীদ ওরফে আরমান (৪২) ও মো. সুমন (২১)। পুলিশ বলেছে, খোরশেদের কাছ থেকে ১০টি গুলি ও দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, হারুনের কাছ থেকে দুটি চাপাতি ও সুমনের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, পুলিশের পাহারায় চিকিৎসাধীন খোরশেদের বাঁ হাঁটুর নিচে গুলি লেগেছে।