'বন্দুকযুদ্ধে' ৯ মামলার আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রকিব শেখ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া খালপাড়ে এ ঘটনা ঘটে। নিহত রকিব উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশের দাবি, নিহত রকিব আন্তজেলা ডাকাত দলের সরদার ছিলেন। তাঁর নামে গোপালগঞ্জের কাশিয়ানী, ফরিদপুরের আলফাডাঙ্গা, নড়াইল সদর ও লোহাগড়া থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও চুরির ঘটনায় নয়টি মামলা রয়েছে।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, লোহাগড়া থানার উপপরিদর্শক মিহির কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল লুটিয়া যাচ্ছিল। এ দলটি দীঘলিয়া খালপাড়ে পৌঁছালে পুলিশের গাড়ি দেখে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে বুক ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রকিবকে পাওয়া যায়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় চার পুলিশ কনস্টেবল আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, একটি গুলির খোসা ও পাঁচটি ধারাল অস্ত্র পাওয়া গেছে।

লোহাগড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা জানান, রকিব ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকবার আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।