'বন্দুকযুদ্ধে' 'বনদস্যু' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটালী গ্রামে র‍্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে কামরুল শেখ (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে র‍্যাব আটটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। র‍্যাবের দাবি, কামরুল সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপপ্রধান।
র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, রাজু-ফরহাদ বাহিনীর একটি দল রামপাল উপজেলার কাটালী গ্রাম থেকে দস্যুবৃত্তি করার জন্য সুন্দরবনে যেতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর একটি দল রামপাল উপজেলার কাটাখালী উচ্চবিদ্যালয়ের পাশে অবস্থান নেয়। রাত আটটার সময় র‍্যাব ৮-১০ জনের একটা দলকে সন্দেহ করে চ্যালেঞ্জ করে। এ সময় তারা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে র‍্যাব গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসী তাকে দুর্ধর্ষ বনদস্যু রাজু-ফরহাদ বাহিনীর উপপ্রধান কামরুল শেখ বলে চিহ্নিত করেন। এ সময় র‍্যাব ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও একটি এয়ারগানসহ ৬০টি গুলি উদ্ধার করে।