'বন্দুকযুদ্ধে' 'শীর্ষ ইয়াবা ব্যবসায়ী' গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন বাইপাস সড়ক এলাকায় গতকাল মঙ্গলবার ভোরের দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ নজরুল টেকনাফ উপজেলার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হন।
নজরুল টেকনাফের নীলা ইউনিয়নের পানখালী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বলেন, ভোর পাঁচটার দিকে ডিবি পুলিশের একটি টহল দল শহরের বাইপাস সড়কে গেলে ইয়াবা ব্যবসায়ীরা দলটিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তখন পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হঁটে পাহাড়ে আত্মগোপন করেন। পরে পুলিশ পাহাড়ের পাদদেশ থেকে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক, দুটি কার্তুজ ও আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে আহত হয়েছেন ডিবি পুলিশের এএসআই টিটু দত্ত, কনস্টেবল সোহেল ও নাজমুল। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল সকালে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলাসংক্রান্ত আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
ইয়াবাসহ আটক ২: রামু ও উখিয়া উপজেলায় গতকাল দুপুরে দেড় হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে রামু বাইপাস সড়কের মোড় থেকে এক হাজার ইয়াবা বড়িসহ নোয়াখালীর সুধারাম গ্রামের আবদুর রহমান এবং উখিয়ার রাজাপালং গ্রাম থেকে ৫৮০টি ইয়াবা বড়িসহ টেকনাফের নীলা ইউনিয়নের নয়াবাজার গ্রামের রবিন হোসেনকে আটক করে পুলিশ।