'বন্দুকযুদ্ধ' ও 'গোলাগুলিতে' তিন জেলায় সন্দেহভাজন ৩ মাদক ব্যবসায়ী নিহত
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ ও ‘মাদক ব্যবসায়ীদের’ গোলাগুলিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে যশোর, বগুড়া ও টাঙ্গাইলে সন্দেহভাজন তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত তিনজন হলেন বগুড়ার পুতু সরকার (৪৫), যশোরের রতন (২৭) ও টাঙ্গাইলের আফজাল হোসেন (৩৫)।
ঘটনা তিনটি নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ। এর মধ্যে পুতু সরকার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’, রতন মাদক ব্যবসায়ীদের সঙ্গে ‘গোলাগুলিতে’ এবং আফজাল র্যাব-১২-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বগুড়া
পুলিশের ভাষ্য, নিহত পুতু সরকার বগুড়ার মজিবর রহমানের ছেলে। তাঁরা সাত ভাই ছিলেন। সবাই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। পুতু সরকারের এক ভাই তুফান সরকার ২০১৭ সালের ১৭ জুলাই নিজ জেলায় এক কিশোরীকে ধর্ষণ করেন। এর কয়েক দিন পর ওই মেয়ে ও তাঁর মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় আলোচিত ছিলেন তুফান সরকার। তাঁর আরেক ভাই মতিন সরকারও হত্যাসহ একাধিক মামলার আসামি।
পুতু সরকার গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বগুড়া শহরের মালতি নগর ভাটকান্দি সেতুর পূর্ব পারে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্য বন্দুকযুদ্ধ হচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিল। জেলা পুলিশের টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধ শেষে সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৫০০টি ইয়াবা বড়ি, দুটি অস্ত্র ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে।
পরে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তিনি হলেন শহরের চক সূত্রাপুরে চামড়াগুদাম লেনের বাসিন্দা মজিবর রহমানের ছেলে পুতু সরকার। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
যশোর
গতকাল মধ্যরাতে যশোরের চৌগাছা উপজেলায় কয়ারপাড়া বাজারের পাশে রতন (২৭) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রতন চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বক্কারের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শামীম উদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে যশোর-চৌগাছা সড়কের কয়ারপাড়া এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলি’র খবর পাওয়া যায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ওসি ওই যুবকের পরিচয় জানাতে পারেননি। পরে নিহত রতনের বাবা আবু বক্কার ও মা ফরিদা বেগম হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
রতনের বাবা আবু বক্কার সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে রতন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তাঁর ফোনের সংযোগ বন্ধ ছিল। খোঁজাখুঁজি করে কোথাও রতনকে পাওয়া যায়নি। শেষে আজ শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতাল থেকে এক ব্যক্তি মুঠোফোনে জানা যায়, রতনের মতো দেখতে একজনের লাশ রয়েছে। সেখানে গিয়ে রতনের লাশ শনাক্ত করেন আবু বক্কার।
আবু বক্কারের দাবি, রতন আগে মাদকের ব্যবসা করতেন। তবে দু-তিন বছর আগে সেই ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। নিহত রতন বিএনপির সমর্থক। যে কারণে পুলিশ তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে।
টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল এলাকায় গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে র্যাব-১২-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আফজাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বেগুনটাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভোগরা ইউনিয়নের বেগুনটাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম্যাগাজিন, ১ হাজার ৪২টি ইয়াবা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম আফজাল হোসেন। তিনি বেগুনটাল গ্রামের আবদুল করিমের ছেলে। আফজাল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।