'বন্ধুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ধরন্তী হাওর এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ (২৪)। তাঁর বাড়ি নাসিরনগর উপজেলার গুকর্ণ ইউনিয়নের গুকর্ণ গ্রামে। বাবার নাম সায়েব আলী।
ঘটনাস্থল থেকে থেকে একটি পাইপ গান, দুটি গুলি, দুটি ছোরা, তিনটি রামদা ও চারটি মুখোশ উদ্ধার করার কথা দাবি করেছে পুলিশ।
সরাইল থানার পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাতে একদল পুলিশ ধরন্তী হাওর এলাকায় টহল দিচ্ছিল। রশিদের নেতৃত্বে সাত-আটজনের একদল ডাকাত টহল পুলিশের গাড়ি থামায়। গাড়িটি পুলিশের বুঝতে পেরে ডাকাতদল গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ রশিদ গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশ সদস্য আবদুল আলীম, মহিউদ্দিন, রবিউল ও মেহেদি।
পুলিশের তথ্যমতে, গুলিবিদ্ধ রশিদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্য রবিউল ও মেহেদিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদের ভাষ্য, রশিদ নিজ দলের লোকের গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন। তাঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সরাইল থানায় তিনটি ও নাসিরনগর থানায় দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতকালের ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।