'বস্তি ঠেকাতে' সরকারি জমিতে আওয়ামী লীগ নেতার গ্যারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দক্ষিণ হালিশহর নয়ারহাট শরণার্থী পাড়ায় আওয়ামী লীগ নেতার গ্যারেজ l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের দক্ষিণ হালিশহর নয়ারহাট শরণার্থী পাড়ায় আওয়ামী লীগ নেতার গ্যারেজ l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকায় ১০ কাঠার সরকারি একটি প্লট দখল করে গাড়ি ও রিকশার গ্যারেজ বানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। জায়গাটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের।

প্রায় আট মাস আগে জায়গাটি দখল করেন চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সেলিম আফজাল। তিনি স্থানীয় সাংসদ এম এ লতিফের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। গ্যারেজ থেকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা তিনি আয় করেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

সরকারি জায়গায় গ্যারেজ বানানোর বিষয়টি প্রথম আলোর কাছে অস্বীকার করেননি সেলিম আফজালও। আওয়ামী লীগের এই নেতার দাবি, এখানে বস্তি বানানোর পরিকল্পনা করেছিল স্থানীয় লোকজন। কিন্তু বস্তি হলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে; তাই তিনি গ্যারেজ বানিয়েছেন। গ্যারেজ বানিয়ে ১০-১২ হাজার টাকা পাওয়া যাচ্ছে। ওই টাকা এলাকার গরিবদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তিনি কোনো টাকা নেন না বলেও দাবি করেন।

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর সূত্র জানায়, পাকিস্তান আমলে নাবিকদের জন্য তৎকালীন সরকার দক্ষিণ হালিশহর এলাকায় প্রায় আট একর জায়গা অধিগ্রহণ করে। এর মধ্যে চার একরের বেশি জায়গা পরে নৌবাহিনীকে দেয় সরকার। কিন্তু নাবিক কল্যাণ পরিদপ্তরের বাকি চার একর জায়গার বেশির ভাগ বেদখল হয়ে গেছে। এর মধ্যে ১০ কাঠার এই প্লটটি এত বছর খালি পড়ে ছিল।

১১ মে বিকেলে দক্ষিণ হালিশহরের নয়ারহাট শরণার্থীপাড়ায় গিয়ে দেখা যায়, ১০ কাঠার ওই প্লটের চারপাশে ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয়েছে। দেয়ালঘেরা অংশে কয়েকটি ট্রাক, কাভার্ড ভ্যান ও রিকশা রাখা।

স্থানীয় বাসিন্দা মুজিবুল হক প্রথম আলোকে বলেন, প্রায় আট মাস আগে দেয়াল তুলে জায়গাটি গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা ও গ্যারেজের একজন গাড়িচালক নাম না প্রকাশের শর্তে বলেন, রিকশা ও গাড়ির গ্যারেজ বানিয়ে সেলিম আফজাল প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করেন। এই জায়গা পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তাঁরা বলেন, দক্ষিণ হালিশহরে প্রতি কাঠা জমির দাম ৩০ থেকে ৪০ লাখ টাকা। সে হিসেবে ১০ কাঠার ওই জায়গার দাম ৩ কোটি টাকার কম নয়।

আওয়ামী লীগের নেতা সেলিম আফজাল বলেন, ‘বেদখল ঠেকানোর জন্য এই জায়গায় মাতৃসদন হাসপাতাল করার প্রস্তাব নিয়ে আমি লোকাল এমপির (স্থানীয় সাংসদ এম এ লতিফ) কাছে যাই। তিনি সেখানে প্রথমে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র করার চিন্তা করেছিলেন। এরপর মাতৃসদন হাসপাতাল করবেন বলে পরিকল্পনা করেন। এই প্লটে হাসপাতাল হবে বলে আমরা আশাবাদী। তবে নাবিক প্রশিক্ষণকেন্দ্র কর্তৃপক্ষ এই জায়গা ফেরত চাইলে আমরা দখল ছেড়ে দেব।’ তাঁর দাবি, ওই টাকা এলাকার গরিবদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তিনি কোনো টাকা নেন না বলে দাবি করেন।

এ বিষয়ে সাংসদ এম এ লতিফের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে গত শুক্র ও শনিবার বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু রিং হলেও ফোন ধরেননি তিনি। পরে তাঁর মুঠোফোনে দুবার খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জসিমউদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, দক্ষিণ হালিশহর এলাকায় চার একর জায়গায় নাবিক প্রশিক্ষণকেন্দ্র করার কথা ছিল। জায়গাটি বেশ কয়েক বছর আগে নাবিক প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরে প্রশিক্ষণকেন্দ্রটি অন্য জায়গায় করা হয়। তাই ওই চার একর জায়গা বেদখল হয়ে যায়।

নাবিক প্রশিক্ষণকেন্দ্রের নাম এখন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সল আজিম প্রথম আলোকে বলেন, ‘আমার পূর্বসূরিরা (সাবেক অধ্যক্ষরা) হালিশহরের নয়ারহাটে চার একর জায়গা উদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওই জায়গার কোনো দলিল নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’