'বাঁচান, আমাকে বাঁচান' বলেই তরুণী মৃত্যুর কোলে
পটুয়াখালীর বাউফল উপজেলার কামরাবাদ গ্রামে খেতের পাশে এক তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কামরাবাদ গ্রামে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কামরাবাদ গ্রামের লালমতি বেগম ও রাশিদা বেগম জানান, সকালে কাজ করতে তাঁরা ঘর থেকে বের হন। তখন তাঁরা এক নারীর দুর্বল কণ্ঠ শুনতে পান। তাঁরা এগিয়ে দেখেন এক তরুণী কাঁদছেন। তরুণী তাঁদের বলেন, ‘বাঁচান, আমাকে বাঁচান।’ তরুণী তাঁদের কাছে পানি চান। তাঁকে পানি দেওয়া হয়। পানি পান করার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লালমতি ও রাশিদা বলেন, তরুণীর বয়স আনুমানিক ২২ বছর। তিনি খুবই অসুস্থ ছিলেন। তরুণী তাঁর নাম স্মৃতি বলে জানান। বাবার নাম বাবুল, বাড়ি মুন্সিগঞ্জে। কীভাবে এই এলাকায় এসেছেন, জানতে চাইলে তিনি তা বলতে পারেননি।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, সুরতহালে তরুণীর শরীরের একটি অঙ্গে রক্ত দেখা যায়। তাঁর হাত ও বুকে পুরোনো জখমের চিহ্ন ছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ার আগে মৃত্যুর আসল কারণ বলা যাবে না।