'বাংলাদেশি ব্যাড বয়' আসাদুজ্জামানও নিহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে যুক্তরাজ্যের পোর্টসমাউথ থেকে সিরিয়ায় যাওয়া আলোচিত তরুণ দলটির সর্বশেষ সদস্যও নিহত হয়েছেন। চরমপন্থা নিয়ে গবেষণারত একটি প্রতিষ্ঠানের একজন গবেষক এ খবর দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
দলটি নিজেদের ‘ব্রিটানি ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়েজ’ নামে পরিচয় দিত। পাঁচ সদস্যের দলটির সর্বশেষ সদস্য হিসেবে যিনি মারা গেছেন বলে দাবি করা হচ্ছে, তাঁর নাম আসাদুজ্জামান (২৫)।
ওই পাঁচ ব্রিটিশ নাগরিকের দলটি ২০১৩ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর হয়ে সিরিয়ার উদ্দেশে রওনা হয়। হাসিমুখে তাঁদের হেঁটে যাওয়ার দৃশ্য ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। আসাদুজ্জামানের আগেই দলটির তিন সদস্যের মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। বাকি একজন বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে আটক রয়েছেন।
আসাদুজ্জামানের মৃত্যুর খবর দিয়েছেন লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব রেডিক্যালাইজেশনের (আইসিএসআর) জ্যেষ্ঠ গবেষণা সহযোগী সিরাজ মাহের। আইসিএসআর অভিযুক্ত জঙ্গিদের সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে থাকে।
আসাদুজ্জামান (আরেক নাম আবু আবদুল্লাহ) সিরিয়ায় জঙ্গিদের পক্ষে লড়াই করতে গিয়ে মারা যাওয়া ৫০তম ব্রিটিশ নাগরিক বলে মনে করা হচ্ছে। তবে গবেষক মাহের জানিয়েছেন, আইসিএসআরের তথ্যভান্ডারে থাকা ব্যক্তিদের মধ্যে একজনের জাতীয়তা স্পষ্ট নয়। তাই বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আসাদুজ্জামানের দলটির সদস্য হয়ে সিরিয়ায় যাওয়া অন্য চারজন হলেন মাসুদুর চৌধুরী (৩১), মোহাম্মদ মেহেদি হাসান (১৯), মামুনুর মোহাম্মদ রশিদ (২৪) ও মোহাম্মদ হামিদুর রহমান। হামিদুর গত বছরের জুলাইয়ে এবং মামুনুর অক্টোবর মাসে নিহত হন বলে ধারণা করা হয়। মেহেদি হাসানও অক্টোবর মাসে সিরিয়ার কোবানি শহরে লড়াইয়ের সময় মারা যান। আর বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে রয়েছেন দুই সন্তানের জনক মাসুদুর। তিনি গত বছর দেশে ফেরার পর গ্রেপ্তার হন। সিরিয়ায় সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার দায়ে মাসুদুর চার বছরের জেল খাটছেন।