'বাংলাদেশিসহ' ৩৯০ জন এক বছর ধরে আটক মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এই সময়টাতেই ভারত মহাসাগর থেকে কয়েক দফায় পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন হাজার মানুষকে উদ্ধার করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আন্তর্জাতিক চাপের মুখে বেশ কয়েকজনকে পুনর্বাসনও করে দেশ দুটি। অনেককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পাচারের শিকার ৬৫ জন ‘বাংলাদেশিসহ’ ৩৯০ জন অভিবাসনপ্রত্যাশী এখনো আটক রয়েছেন মালয়েশিয়ায়। অথচ গত বছর মে মাসেই তাঁদের মুক্তি পাওয়ার কথা ছিল।

এই ৩৯০ জনও অন্যদের মতো মানব পাচার চক্রের প্রলোভনের ফাঁদে পা দিয়েছিলেন। কিন্তু সবকিছু কেড়ে নিয়ে খাবার-পানিশূন্য অবস্থায় তাঁদের সাগরের মধ্যেই ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। প্রথম দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশই তাঁদের উদ্ধার করতে চায়নি। জেলেদের দেওয়া সামান্য খাবার আর পানিতেই বেঁচে থাকতে হয়েছে সাগরে ভাসা ওই সংকটময় দিনগুলোতে। খাবারের সংকট এতটাই প্রকট হয়ে উঠেছিল যে নৌকায় এ নিয়ে মারামারি-খুনোখুনির ঘটনাও ঘটেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর। বেশ কয়েকজন বাংলাদেশিও ছিলেন। ১ হাজার ১০৯ জনের দায়িত্ব নেয় মালয়েশিয়া। এঁদের মধ্যে প্রায় অর্ধশত রোহিঙ্গাকে পুনর্বাসন করা হয়। ৬৭০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। বাকিদের রাখা হয়েছে মালয়েশিয়ার বেলান্তিক আটক কেন্দ্রে। এঁদের ৩২৫ জনই রোহিঙ্গা। আর ৬৫ জন ‘বাংলাদেশি’। খুব শিগগির যে তাঁদের মুক্তি মিলবে, তারও কোনো নিশ্চয়তা নেই।

এ ব্যাপারে অ্যামনেস্টির গবেষক খাইরুনিসা ঢালা বলেন, ‘মালয়েশিয়ার আটক কেন্দ্রগুলোর অবস্থা ভয়ানক খারাপ। যাদের ওই কেন্দ্রগুলোয় রাখা হয়েছে, তাদের প্রতি অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। অথচ তারা মানব পাচারের শিকার। সাগরে ভয়ানক দিন কাটিয়েছে।’