'বাংলাদেশি' নারীকে নাজেহালের অভিযোগ বেঙ্গালুরুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেঙ্গালুরুতে একটি বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের হাতে তল্লাশির নামে নাজেহাল ও বেধড়ক পিটুনির শিকার হয়েছেন কথিত এক বাংলাদেশি নারী। ওই নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানি, টাকাপয়সা ছিনতাই ও মারধরের অভিযোগে গতকাল শুক্রবার মামলা হয়েছে। খবর দ্য হিন্দুর।

বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির ওই বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের দাবি, বিপণিবিতান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই নারীর কাছে এক জোড়া চটি ছিল, যার দাম তিনি দেননি। এরপর তাঁকে ‘তল্লাশি’ করা হয়েছে মাত্র। স্থানীয় একজন রাজনীতিকও ওই নিরাপত্তাকর্মীদের সমর্থন করেছেন।

 স্থানীয় পুলিশের ভাষ্যমতে, ওই নারী তাঁর স্বামীকে চিকিৎসা করানোর জন্য বেঙ্গালুরুতে নিয়ে এসেছিলেন। শহরটিতে আসার আগে ওই দম্পতি তাঁদের সম্পত্তি বিক্রি করে টাকাপয়সা সঙ্গে এনেছিলেন। ওই নারী লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার সময়
তাঁর কাছে ৬৫ হাজার রুপি ছিল। স্বামীকে স্থানীয় নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে ভর্তি করে তিনি টাকাপয়সা সঙ্গে নিয়ে ওই বিপণিবিতানে যান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।

শিলিগুড়িতে দুই বাংলাদেশিকে হয়রানি: কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দুই বাংলাদেশি পর্যটক গত বৃহস্পতিবার পুলিশের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পর্যটকদের একজন প্রকৌশলী ও অপরজন ব্যবসায়ী। তাঁদের বাড়ি চট্টগ্রামে।