'বাল্যবিবাহমুক্ত' কালীগঞ্জে বাল্যবিবাহ হচ্ছেই
ঢাকঢোল পিটিয়ে দেড় বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। কিন্তু এখানে এখনো বাল্যবিবাহ হচ্ছে প্রতিনিয়ত। উপজেলার তিনটি বালিকা বিদ্যালয়েই চলতি বছরের নয় মাসে অর্ধশতাধিক ছাত্রীর অপরিণত বয়সে বিয়ে হয়েছে।
২০১৫ সালের ২৩ মার্চ তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য অনুষ্ঠান করে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় দেশের প্রথম বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে কালীগঞ্জের নাম উল্লেখ করা হয়।
কালীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সূত্র জানায়, এ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাসরিন সুলতানা। জন্ম সনদ অনুয়ায়ী তার জন্ম তারিখ ২০০১ সালের ৩ ডিসেম্বর। চলতি বছর ১৪ সেপ্টেম্বর রতনপুর গ্রামের মোখলেছুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, অনেক চেষ্টা করেও ক্লাসে প্রথম হওয়া এ ছাত্রীর বিয়ে ঠেকাতে পারেননি। গত দু-এক মাসের মধ্যে দশম শ্রেণির সুমাইয়া পারভিন, মনিরা পারভিন, রিমা পারভিন; নবম শ্রেণির ছাত্রী লিমা পারভিন ও নাজমা খাতুন এবং অষ্টম শ্রেণির প্রতিমা সরকারের বিয়ে হয়েছে।
সাতপুর গ্রামের নাজমা খাতুন পড়ত কালীগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে নলতা এলাকার মিলন রহমানের সঙ্গে তার বিয়ে হয়েছে। নাজমার মা বলেন, ‘মেয়ের বাবা পঙ্গু। অভাবের সংসারে মেয়ে বড় হচ্ছে আর ভয়-শঙ্কা বাড়ছে। ভালো ছেলে পেলাম, তাই বিয়ে দিয়ে দিলাম।’
কালীগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয়ে চলতি বছরের শুরুতে ২৫৬ জন ছাত্রী ছিল। গত নয় মাসে ৩০ জনের বিয়ে হয়েছে। অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীদের বেশি বিয়ে হচ্ছে। প্রশাসনকে জানিয়েও ফল পাওয়া যাচ্ছে না।
কালীগঞ্জ পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রফিক বলেন, গত সপ্তাহে তাঁর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আনোয়ারা খাতুন, হাফিজা খাতুন ও সাথী আক্তারের বিয়ে হয়েছে। এর আগে চলতি বছর আরও ২০-২২ জন ছাত্রীর বিয়ে হয়েছে। বিয়ের পর অধিকাংশ মেয়েই আর বিদ্যালয়ে আসে না।
কালীগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেম আলী বলেন, তাঁর বিদ্যালয় থেকে প্রতিবছর ৮-১০ জন ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। ঠেকাতে পারছেন না। শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে বিয়ে হওয়ার পর তাঁরা জানতে পারেন।
ওই তিন প্রধান শিক্ষক মনে করেন, দারিদ্র্য ও অসচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ। এ ছাড়া সামাজিক নিরাপত্তার কারণে অনেক অভিভাবক মেয়েসন্তানকে পরিবারের জন্য বোঝা মনে করেন।
ইউএনও গোলাম মইনুদ্দিন হাসান বলেন, প্রতি মাসে তাঁরা ১৫-২০টি বাল্যবিবাহ বন্ধ করছেন। মানুষ সচেতন না হলে এভাবে বাল্যবিবাহ বন্ধ করা যাবে না।