'বাসযাত্রীর লাঠির বাড়িতে' চালকের সহকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মিঠাপুকুরে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে আশরাফ (৩২) নামের একজন বাসচালকের সহকারীকে মাথায় বাড়ি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে মনোয়ার নামের এক যাত্রীকে পুলিশ আটক করেছে। আজ রোববার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, বিআরটিসির একটি বাস পঞ্চগড় থেকে গাইবান্ধা যাচ্ছিল। মিঠাপুকুরে বাসটি এলে আশরাফ বাসের ছাদে থাকা যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার জন্য ছাদে ওঠেন। এ সময় মনোয়ার নামের এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনোয়ার ছাদে থাকা একটি লাঠি দিয়ে আশরাফের মাথায় বাড়ি মারেন। এতে ঘটনাস্থলেই আশরাফ মারা যান। ছাদে থাকা অন্য যাত্রীদের চিৎকারে শঠিবাড়ি বাজার এলাকায় বাসটি থামানো হয়। বিক্ষুব্ধ যাত্রীরা মনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত আশরাফের বাড়ি রংপুর বলে পুলিশ জানিয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোয়ার নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।