'বাসের এজেন্ট, মামলা আছে, তাই ধরে নিয়ে যাচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ১০টা। মিরপুরের ১০ নম্বর গোলচত্বরের পাশে গার্লস আইডিয়াল ইনস্টিটিউট ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এক পুলিশ সদস্য এক লোকের পেছন দিক থেকে প্যান্ট ও বেল্ট ধরে নিয়ে যাচ্ছে। তাঁকে কেন ধরে নিচ্ছেন, জানতে চাইলে ওই পুলিশ সদস্য বলেন, ‘পিছনে স্যারেরা আছে, তাঁরা বলতে পারবেন।’
এরপর তাঁকে পুলিশের একটি মাইক্রোবাসে তোলা হয়।
এর কয়েক মিনিট পর দেখা যায়, আরেক ব্যক্তিকে পেছন দিকে হাত মুড়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অপরাধে তাঁকে ধরে নেওয়া হচ্ছে—জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘আমার কোনো অপরাধ নেই। আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের এজেন্ট ছিলাম। এ জন্য আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এ সময় তাঁকে ধরে নিয়ে যাওয়া পুলিশ সদস্য বলেন, ‘ব্যাটা তুই এজেন্ট না, জাল ভোট দিছোস।’
পাকড়াও করা ওই দুই ব্যক্তির পেছনে যাচ্ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। ওই দুই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে নাম ও পদ প্রকাশ না করে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এরা বাসের এজেন্ট। মামলা আছে। তাই ধরে নিয়ে যাচ্ছি।’
গালর্স আইডিয়াল ইনস্টিটিউটে দুটি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ছয় হাজার ৫০৫ জন। ভোটকেন্দ্রের একটি বুথে গিয়ে দেখা যায়, সেখানে তাবিথ আউয়ালের কোনো এজেন্ট নেই। এ ব্যাপারে পোলিং এজেন্টের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। ওই বুথে দায়িত্ব পালনকারী আরেক এজেন্ট নিচু স্বরে বলেন, ‘বাসের এজেন্টকে ধরে নিয়ে গেছে। আমাকেও বের হয়ে যেতে বলছে। আমিও বের হয়ে যাব।’
সকাল সোয়া ১০টার দিকে ওই কেন্দ্রে দেখা যায়, প্রিসাইডিং কর্মকর্তা আবুল কাশেম দরজা বন্ধ করে তাঁর কক্ষে বসে রয়েছেন। কেন্দ্রের এজেন্টেদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রত্যেক বুথে ১০-১২ জন করে এজেন্ট দিয়েছি। কে কোন দলের আর কে কে আছেন, তা আমি বলতে পারব না।’
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁও সরকারি মডেল হাইস্কুল কেন্দ্রে যান ঢাকা উত্তররে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি অভিযোগ করেন, ওই ভোটকেন্দ্রের সাতটি বুথের মধ্যে ছয়টিতে তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ ব্যাপারে তিনি প্রিসাইডিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।