'বাড়িঘর ছাইড়া ভারত চইলা যামু কইছি, তা-ও পাড়াইছে'
‘ওগো পাও ধইরা মাফ চাইছি। বাড়িঘর ছাইড়া ভারত চইলা যামু কইছি। তা-ও ওরা আমারে পাড়াইয়া মাটিতে ফালাইয়া রাখে।’ সম্পত্তি দখলে বাধা দেওয়ার চেষ্টা করায় সংখ্যালঘু এক বিধবা নারীকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় বিবস্ত্র অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। গত সোমবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নারীর নাম কানন বালা (৫০)। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কানন বালার ছেলে অসীম চন্দ্র দাস বাদী হয়ে দশমিনা থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নম্বর ১৩) করেছেন। কানন বালা এখন পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।
তবে নির্যাতনের কথা অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি আবুল হোসেন।
কানন বালার ছেলে অসীম জানান, সরকারের কাছ থেকে তাঁরা ৬০ শতাংশ জমি বন্দোবস্ত নেন এবং নিজেদের রেকর্ডভুক্ত সম্পত্তির পরিমাণ ১৯ শতাংশ। এই সম্পত্তিতে তাঁদের বসতঘর, পুকুর ও গাছপালা রয়েছে। দীর্ঘদিন ধরে আবুল হোসেনসহ আশপাশের কয়েকজন এই সম্পত্তি দখলের জন্য নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো শুরু করেন। সম্পত্তি না দিলে দেশছাড়া করা হবে বলেও হুমকি দেন।
কানন বালা বলেন, দশমিনা উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পে তাঁর ছেলে অসীম নৈশপ্রহরী ও পুত্রবধূ মাধবী রানী ঝাড়ুদারের কাজ করেন। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলেন না। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে আবুল হোসেন ও তাঁর ভাই বারেক প্যাদা লোকজন নিয়ে এসে তাঁদের বাড়ির গাছ কেটে ফেলতে থাকে। একপর্যায়ে লোকজন দিয়ে ঘর নির্মাণ শুরু করে।
কানন বালা অভিযোগ করেন, এ সময় তিনি বাধা দিলে আবুল হোসেন ও তাঁর লোকজন তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করে। তিনি মাটিতে পড়ে গেলে রশি দিয়ে তাঁর দুই পা এবং হাত ওড়না দিয়ে বেঁধে ফেলে। ক্রমাগত লাথি মারতে থাকেন। পদদলিত করার একপর্যায়ে তিনি বিবস্ত্র হয়ে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ওগো কাছে কতবার পাও ধইরা মাফ চাইছি। বাড়িঘর ছাইড়া ভারতে চইলা যামু কইছি, তা-ও ওরা আমারে পাড়াইয়া মাটিতে ফালাইয়া রাখে।’ দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন। তিনি দাবি করেন, কানন বালা যেটাকে নিজের জমি বলে দাবি করছেন, সেখানে ৩০ বছর আগে তাঁর দোকান ছিল। এটা সরকারি খাসজমি। তিনি জমি বন্দোবস্ত পেতে আবেদন করে পাননি। গ্রাম্য সালিসে তাঁকে ওই জায়গায় ঘর তুলে ব্যবসা করতে বলা হয়েছে। সে অনুসারে তিনি ঘর তুলতে যান। ওই সময় কানন বালা চেঁচামেচি করে নিজেই ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। নিজেই তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন। তিনি কানন বালাকে ‘মানসিক ভারসাম্যহীন নারী’ বলে উল্লেখ করেন।
দশমিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ কানন বালাকে প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এবং চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসে। তিনি জানান, জমিতে ঘর তোলার কাজ বন্ধ করে দিয়ে এসেছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইউনুচ আলী বলেন, এ ঘটনায় গতকাল কানন বালার ছেলে অসীম চন্দ্র দাস বাদী হয়ে দশমিনা থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।