'বিএসএফের পিটুনিতে নিহত' যুবকের লাশ উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকার ধরলা নদী থেকে আমিনুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে বড়বাড়ি ইউনিয়নের চর বাসুরিয়া গ্রামের কলাখাওয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গত রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ১২৪ গিতালদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা আমিনুলকে পিটিয়ে হত্যা করে ধরলা নদীতে ফেলে দেন। গতকাল সোমবার বিজিবি এই কথা জানতে পারে। খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার আমিনুলের লাশ পাওয়া যায়।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দীঘলটারী গ্রামের বাসিন্দা আমিনুল ভারত থেকে অবৈধভাবে গরু আনতেন। এই কাজের সুবিধার্থে বেশ কিছুদিন ধরে মোগলহাট ইউনিয়নের কর্নপুর চওড়াটারী গ্রামের বিপরীতে অবস্থিত ভারতীয় গ্রাম জারি ধরলায় তিনি বাস করে আসছিলেন। গত রোববার রাতে আরও নয় থেকে ১০ জন বাংলাদেশি ডাঙ্গোয়ালের (যারা গরু আনেন) সঙ্গে ভারতের ভেতর থেকে গরু এনে ধরলা নদী পথে সীমান্ত অতিক্রম করার সময় আমিনুল ইসলাম গিতালদহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে ধরা পড়েন। বিএসএফ সদস্যদের প্রচণ্ড মারধরের কারণে আমিনুলের মৃত্যু হলে তাঁরা আমিনুলের লাশ ধরলা নদীতে ফেলে দেন। ঘটনার পরদিন সোমবার রাতে মোগলহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তা জানতে পারেন।
বিজিবি সদস্যরা আমিনুলের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। কলাখাওয়া ঘাট এলাকায় একটি যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসীর মাধ্যমে পুলিশ ও বিজিবি অবহিত হয়। পরে তা আমিনুলের লাশ বলে নিশ্চিত হয় তাঁরা।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি বলেন, মঙ্গলবার দুপুরে মোগলহাট বিওপি ক্যাম্পের পক্ষ থেকে গিতালদহ বিএসএফ ক্যাম্পে এ ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিপরীত দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।