'বিদেশি সংস্থার চর'সহ চার 'জেএমবি' সদস্য গ্রেপ্তার
রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জেএমবির চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইদ্রিস শেখ, মকবুল শরিফ, মো. ছালাম ও মোস্তফা জামান।
ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৬টি জঙ্গিবাদ-বিষয়ক বই, তিনটি পাসপোর্ট, গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত (স্পাই) একটি মোবাইলসহ পাঁচটি মোবাইল ফোনসেট, চার হাজার পাকিস্তানি মুদ্রা, দেড় হাজার ভারতীয় মুদ্রা, এক হাজার ৩০০ বাহরাইনের মুদ্রা ও এক হাজার ৬০০ জর্ডানের মুদ্রা পাওয়া গেছে।
এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ইদ্রিস শেখ ১৯৮৫ সালে ভারত হয়ে পাকিস্তানে যান। পাঁচ বছর পর তিনি এক পাকিস্তানি মেয়েকে বিয়ে করেন। এরপর তিনি পাকিস্তানের নাগরিকত্ব পান। ২০০২ সালে পাকিস্তানে ‘পাক-মুসলিম অ্যালায়েন্স’ নামে একটি রাজনৈতিক দলের পক্ষে সেখানে জাতীয় নির্বাচনে প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
মনিরুল ইসলাম বলেন, ২০০৪ সালে ইদ্রিস সম্ভবত পাকিস্তানি পাসপোর্টসহ র্যাবের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৭ সালে বাংলাদেশে এসে ইদ্রিস নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন। তিনি ৪৮ বার বাংলাদেশ থেকে পাকিস্তানে যাতায়াত করেছেন।
মহানগর পুলিশের ওই যুগ্ম কমিশনার আরও বলেন, ইদ্রিস শেখের সঙ্গে একটি বিদেশি দূতাবাসের কর্মকর্তা ও একটি বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের দালিলিক প্রমাণ পাওয়া গেছে। ইদ্রিসের কাছ থেকে গোয়েন্দা (স্পাই) মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সেটি দিয়ে বাংলাদেশ থেকে তথ্য আদান-প্রদান করা হতো। ওই মোবাইল দিয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা ও তথ্য রেকর্ড করা হতো, পরে তা ওই মোবাইল ফোন থেকেই সরাসরি বিদেশি সংস্থার কাছে চলে যেত। এ ছাড়া বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তার সঙ্গে ইদ্রিসের ভালো যোগাযোগ ছিল।
গ্রেপ্তার মকবুলের ব্যাপারে মনিরুল বলেন, মবকুলও ১৯৮৫ সালে ভারত থেকে পাকিস্তানে যান। তিনিও অনেকবার পাকিস্তানে যাতায়াত করেছেন। পাকিস্তানে অবস্থানকারী রোহিঙ্গা নেতা আবদুল কুদ্দুস বর্মির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তিনি রোহিঙ্গাদের আরাকানে জঙ্গি তৎপরতায় অর্থসহায়তা করেন। এ ছাড়া আদম পাচারের সঙ্গে মকবুলের সংশ্লিষ্টতা রয়েছে।
মো. ছালামের ব্যাপারে এই কর্মকর্তা বলেন, তিনি বাংলাদেশে বিহারি ক্যাম্পে বসবাস করেন। তাঁরও পাকিস্তানে যাতায়াত রয়েছে। আর মোস্তফা জামান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ট্রাফিক পরিদর্শক। তিনি একজন বাংলাদেশি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগারে বন্দী জেএমবির আমির সাইদুর রহমানের সঙ্গে গ্রেপ্তার ওই চারজনের যোগাযোগ ছিল। তাঁরা জাল মুদ্রা ভারতে পাচার করেন। সেখান থেকে অর্জিত অর্থ নিজেরা খরচ করেন। বাকি টাকা জঙ্গি কর্মকাণ্ডে দিয়ে থাকেন। তাঁদের উদ্দেশ্য ছিল, দেশে নাশকতার ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করা। এ ঘটনায় বিমানবন্দর থানায় দুটি ও খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে।