'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিপি খানম ও তাঁর সমর্থকেরা গত শুক্রবার সন্ধ্যায় ‘বিদ্রোহী’ প্রার্থী আশরাফুল আলমের সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে আশরাফুল আলম ও তাঁর সমর্থকেরা লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
রাত সাড়ে আটটায় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দৌলত আহম্মেদ খান, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিম, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোশারেফ হোসেনসহ আশরাফুল আলমের সমর্থক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পারছাতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় লিপি খানমসহ তাঁর সমর্থকেরা আশরাফুল আলমের নির্বাচনী পথসভায় বাধা সৃষ্টি ও গালিগালাজ করেন। এ সময় মুক্তিযোদ্ধা হানিফ ঠাকুর ও হুমায়ুন কবির, প্রভাষক হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ সাইদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রোমান রায়হানসহ ১০-১২ জন লাঞ্ছনার শিকার হন।
অবশ্য লিপি খানম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুপুর থেকে ওই এলাকার ভোটারদের আশরাফুল আলমের সমর্থকেরা ভয় দেখাচ্ছিল। এ খবর পেয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে যাই। তবে কোনো হামলা হয়নি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছে। দুই পক্ষই শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে আশ্বস্ত করেছেন।