চট্টগ্রামে সহজে পাসপোর্ট তৈরি করাতে চাইলে যেতে হচ্ছে দালালের কাছে। দালালদের মাধ্যমে জমা দেওয়া পাসপোর্ট আবেদনগুলোতে দেওয়া থাকে ‘বিশেষ চিহ্ন’। ফলে ওই সব আবেদনকারীর ছবি তোলা এবং পাসপোর্ট দেওয়া হয় যথাসময়ে। এ জন্য গুনতে হয় বাড়তি অর্থ। আর দালাল ছাড়া আবেদন করলে ছবি তোলাসহ নানা হয়রানির শিকার হতে হয় আবেদনকারীদের। পাসপোর্টও মেলে না যথাসময়ে।
সরেজমিন নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় অবস্থিত বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয় ঘুরে এবং আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এ চিত্র।
দালালদের এই উৎপাত ও বাড়তি টাকা নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘দালালদের বাড়তি টাকা দিয়ে কেউ পাসপোর্ট নিচ্ছে বলে আমার জানা নেই।’
জরুরি ও সাধারণ দুই ধরনের পাসপোর্টই পাওয়া যায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে। জরুরি পাসপোর্টের জন্য সরকারি ফি ছয় হাজার টাকা এবং সাধারণ পাসপোর্টের সরকারি ফি তিন হাজার টাকা। ব্যাংকে ফি জমা দিয়ে রসিদ পাসপোর্টের আবেদনের সঙ্গে যুক্ত করতে হয়। আবেদনপত্র জমা দেওয়ার পর তোলা হয় ছবি। এরপর পুলিশের মাধ্যমে যাচাইয়ের পর নির্দিষ্ট সময়ে পাসপোর্ট হাতে পাওয়ার কথা।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা যায়, মূল ফটকের ভেতরে দাঁড়িয়ে আছেন আনসার সদস্য রেজাউল করিম। এ সময় সেখানে যান নগরের হালিশহরের বাসিন্দা সোহেল চৌধুরী। তিনি সাধারণ পাসপোর্ট করতে চান জানতে পেরে রেজাউল বলেন, ‘সব করে দিব।’ সোহেল জানতে চান, কত টাকা লাগবে। রেজাউল বলেন, ‘পাঁচ হাজার ৫০০ টাকা দেবেন। আপনাকে কিছুই করতে হবে না। শুধু ছবি তুলে চলে যাবেন।’
এত টাকা কেন সোহেল প্রশ্ন করতেই রেজাউলের জবাব, ‘পরিচালক সাহেবের পিএর মাধ্যমে করাব। কোনো অসুবিধা হবে না। তিন হাজার টাকা ব্যাংকে জমা দেব। দেড় হাজার টাকা অফিস খরচ। বাকিটা ভেরিফিকেশনের জন্য পুলিশকে দিতে হবে।’ টাকা জোগাড় করে পরে আসবেন জানিয়ে চলে যান সোহেল।
এরপর রেজাউলের সঙ্গে কথা বলতে দেখা যায় হাটহাজারীর লাঙ্গলমোড়া থেকে আসা যুবক শাকিলকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাড়ে পাঁচ হাজার টাকায় রেজাউলের মাধ্যমে পাসপোর্ট করতে দিয়েছি। ছবি তোলা হয়েছে। পাসপোর্ট কবে পাব জানতে এসেছি।’ বাড়তি টাকা কেন দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘নিজে ফরম পূরণ করে জমা দিলে নানা ভুলত্রুটি ধরে। দু-তিন দিন পরে ছবি তুলতে হয়। বাড়তি টাকা না দিলে হয়রানির শিকার হতে হয়।’
শাকিল চলে যাওয়ার পর বাড়তি টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন রেজাউল। তিনি প্রথম আলোকে বলেন, ‘মানুষ এলে তাদের সাহায্য করি।’
আরও কিছুক্ষণ সেখানে অবস্থান করে কথা হয় সন্দ্বীপের মো. মোস্তফা, মুঠোফোন কোম্পানি বাংলালিংকের নগরের আগ্রাবাদের কর্মকর্তা কায়েসের সঙ্গে। দুজনেরই অভিযোগ, তাঁরা নিজেরা আবেদনপত্র জমা দিতে গেলে তা নেওয়া হয়নি। পরে দালালের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়েছেন।
মোস্তফা ও কায়েসসহ আরও কয়েকজন আবেদনকারী জানান, দালালেরা যেসব আবেদনপত্র জমা দেয় তাতে তারা বিশেষ চিহ্ন ব্যবহার করে। যেমন ইংরেজি ও বাংলা বর্ণমালার কোনো একটি বর্ণ বা নির্দিষ্ট কোনো স্থানে টিক চিহ্ন ইত্যাদি। এসব চিহ্ন দেখে সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝে ফেলেন যে আবেদনপত্রটি দালালের মাধ্যমে এসেছে।
জানা গেছে, বছর খানেক আগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের ৬৫ জন দালালের একটি তালিকা তৈরি করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তালিকাটি পাঠানো হয় পুলিশকে। এরপর কয়েকজনকে আটক করা হলেও গত সাত মাসে একজন দালালকেও আটক করেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ শিগগিরই অভিযান শুরু করবে।