'বিয়ের প্রলোভন দেখিয়ে' তরুণী ধর্ষণের অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মেয়েকে (২০) ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ এক আনসার সদস্য ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই আনসার সদস্যের নাম বকুল সরকার। আজ শুক্রবার ওই তরুণী শাহবাগ থানায় বকুল সরকারের বিরুদ্ধে মামলা করেন। বকুল পলাতক রয়েছেন।
তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পে নিয়ে তিন দিন তাঁকে ধর্ষণ করেন বকুল সরকার। তিনি জানান, গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালের ২১৯ নম্বর ওয়ার্ডে তাঁর বাবা চিকিৎসাধীন। দেখাশোনার জন্য বাবার সঙ্গে তিনি হাসপাতালেই থাকছেন। ১৬ মে তাঁর বাবাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে সেখানে আনসার সদস্য বকুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। বকুল তাঁকে নানাভাবে সহায়তাও করেন। সামান্য আলাপ-পরিচয় হতেই বকুল বিয়ের প্রস্তাব দেন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুদিন গোলাপ শাহ মাজারে গিয়ে বিয়ে করার প্রতিজ্ঞা করেন বকুল। এরপর বকুল তাঁকে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় আনসার ক্যাম্পে নিয়ে তিন দিন ধর্ষণ করেন। তিনি বিয়ের জন্য চাপ দিলে বকুল তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার ইদুন মিয়ার কাছে তিনি এ বিষয়ে অভিযোগ দেন। ইদুন মিয়াও বকুলকে পাকড়াও করে বিয়ের আশ্বাস দেন। এরপর আজ ওই নারী জানতে পারেন বকুল পালিয়েছেন। পরে তিনি শাহবাগ থানায় গিয়ে মামলা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মেয়েটির অভিযোগ, বিয়ের কথা বলে তাঁকে ধর্ষণ করেছে আনসার সদস্য বকুল। হাসপাতালের আনসার ক্যাম্পে এ রকম ঘটনা কীভাবে ঘটল তার তদন্ত চলছে।