'বোমা তৈরির' সময় বিস্ফোরণে আহত মাদ্রাসাছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়িতে আহত এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নাম রজব মিয়া (১৬)। পুলিশের দাবি, রজব মিয়া নিজের ঘরে বোমা বানানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং এতে তার বাম হাতের মাঝের দুটি আঙ্গুল উড়ে গেছে। তবে পরিবার বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রজব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দৌলতবাড়ির একটি মাদ্রাসার ছাত্র। ফুলবাড়ির চা–বাগানের শ্রমিক বস্তিতে সে পরিবারের সঙ্গে থাকে। ওই চা–বাগানের ১ নং শ্রমিক বস্তির খলিল মিয়া ও সুফিয়া বেগম বলেন, গত শুক্রবার জুমার নামাজের পর তাঁরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। পরে তাঁরা সেখানে গিয়ে দেখেন মাটির দেওয়াল ও টিনের চালের ঘরটির ওই স্থানে নতুন করে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে।
তবে রজব মিয়ার মা বেগম বিজলী বলেন, এটি বোমা বানানোর কোনো ঘটনা নয়। বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছিল। তাই বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে।
মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে গোপনে তদন্ত করে রোববার রাতে রজব মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হওয়ার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার চাচা কালা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে আটক করা হয়।