'বোমা মেশিনের' গ্রাসে জাফলংয়ের প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথর তুলতে সিলেটের জাফলংয়ে পিয়াইন নদের চরে সারি দিয়ে বসানো হয়েছে বোমা মেশিন (পাথর তোলার যন্ত্র)। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পাথর তুলতে সিলেটের জাফলংয়ে পিয়াইন নদের চরে সারি দিয়ে বসানো হয়েছে বোমা মেশিন (পাথর তোলার যন্ত্র)। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সিলেটের নয়নাভিরাম জাফলং। পাহাড়-নদের সবুজ প্রকৃতির সেই জাফলং দিনে দিনে বিরান এক রূপ ধারণ করছে। এর মূলে রয়েছে ‘বোমা মেশিন’ নামের একটি যন্ত্র। নিষিদ্ধ এই যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে পাথর তোলায় ধসে যাচ্ছে নদের তীর, আশপাশের চা-বাগান। নষ্ট হচ্ছে প্রকৃতি, দূষিত হচ্ছে পরিবেশ।
শুষ্ক মৌসুমের শুরু থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ এ যন্ত্র। জাফলংয়ের দুই নদ পিয়াইন ও ডাউকির তীরে শতাধিক বোমা মেশিন বসিয়ে অবাধে চলছে পাথর উত্তোলন। বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করলে আশপাশের ভূমি ধসে যাওয়ার আশঙ্কা থাকে। ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের ফলে বোমা মেশিন নিষিদ্ধ করেন উচ্চ আদালত। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোমা মেশিন চালানোয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সমন্বয়ে গঠিত ‘টাস্কফোর্স’ প্রতি মাসে অন্তত দুটি করে অভিযান চালায়। টাস্কফোর্স-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অভিযানের খবর আগে থেকে পেয়ে যান বোমা মেশিন পরিচালনায় থাকা ব্যক্তিরা। এ কারণে সুফল মিলছে না।
জাফলংয়ের বাসিন্দারা জানান, পাথর কোয়ারি এলাকায় একসময় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চলত। পানিতে নেমে হাত দিয়ে পাথর উত্তোলনের কর্মযজ্ঞে তখন হাজার হাজার পাথরশ্রমিক আর বারকি নৌকার আনাগোনা ছিল। জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হয়নি তখন। কিন্তু কম সময়ে অনেক বেশি পাথর তোলার জন্য একশ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ী বোমা মেশিনের ব্যবহার শুরু করে। বড় বড় পাইপ দিয়ে মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে পাওয়ার পাম্প যন্ত্রের মাধ্যমে পাথর উত্তোলন শুরু হয় ২০০৯ সালের দিকে। ওই যন্ত্র দিয়ে পাথর তোলার সময় বোমার মতো শব্দ হয় বলে নাম হয় ‘বোমা মেশিন’।
সপ্তাহ খানেক আগে সরেজমিনে দেখা গেছে, ভারত সীমান্ত থেকে বাংলাদেশে নেমে আসা পিয়াইন আর ডাউকি নদের তীরজুড়ে সারি সারি বোমা মেশিন। বড় বড় পাইপ বসিয়ে মাটির অনেক গভীর থেকে পাথর উত্তোলন করায় ধসের মুখে পড়েছে পিয়াইন নদের মোহনার পার্শ্ববর্তী জাফলং চা-বাগানের প্রায় ৩০০ একর ভূমি। জাফলংয়ের ওপারে আদিবাসী পল্লির দুটি পানপুঞ্জিও নদীগর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ না হলে পুরো জাফলং বড় রকমের ভূমিধসের মুখে পড়বে বলে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের আশঙ্কা।

জাফলংয়ে বোমা মেশিনে তোলা পাথর রাখা হচ্ছে পিয়াইন নদের তীরে l প্রথম আলো
জাফলংয়ে বোমা মেশিনে তোলা পাথর রাখা হচ্ছে পিয়াইন নদের তীরে l প্রথম আলো

জাফলংয়ের পূর্ব দিকে সংগ্রামপুঞ্জি নামের এলাকায় খাসি সম্প্রদায়ের বসবাস। ১৯৮৮ সালের বন্যার সময় সংগ্রামপুঞ্জির এক-তৃতীয়াংশ এলাকা পিয়াইন নদের গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ড একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে। গত দুই বছর বাঁধ এলাকা থেকে বোমা মেশিন দিয়ে পাথর তোলায় ওই বাঁধের চিহ্ন পর্যন্ত নেই। বাঁধের জায়গায় বড় বড় গর্ত। সেখানে বসানো বোমা মেশিন। উত্তোলিত পাথর স্তূপ করে রাখা রয়েছে।
খাসি সম্প্রদায়ের পল্লির পরই নদবেষ্টিত জাফলং চা-বাগান। ২ হাজার ২০০ একর আয়তনের চা-বাগানের উত্তর-পূর্ব দিকে পিয়াইন নদের চরে বসেছে বোমা মেশিন। গোয়াইনঘাট উপজেলার দিকে প্রবহমান গুয়াইন নদের মিলনরেখা ওই চরে ৭০টির মতো গর্ত রয়েছে। এসব গর্তে একাধিক বোমা মেশিন বসিয়ে চলছে পাথর উত্তোলন।
জাফলং চা-বাগানের ব্যবস্থাপক এস এম একরামুল কবীর বলেন, দুই বছর ধরে বোমা মেশিনে পাথর উত্তোলন করায় চা-বাগানের ৩০০ একর ভূমি ধসে গেছে। এ ব্যাপারে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েও স্থায়ী প্রতিকার পাওয়া যাচ্ছে না।
পিয়াইন নদের চরে বোমা মেশিন চালানোর সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে কথা বললেও এ যন্ত্রের মালিক কারা তা তাঁরা জানাননি। ওই এলাকায় সরেজমিন অবস্থানকালে সংবাদকর্মী পরিচয় গোপন রেখে কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, একেকটি বোমা মেশিন দৈনিক চালাতে ১০ থেকে ১৫ হাজার টাকা দিতে হয় একটি চক্রকে। এই চক্রটি টাস্কফোর্সের অভিযান নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ আছে।
এ ব্যাপারে জানতে চাইলে টাস্কফোর্সের আহ্বায়ক ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন বলেন, নিয়মিত অভিযান না চালানোয় এ রকম অভিযোগ উঠছে। তিনি বলেন, ‘অভিযান ছাড়াও আমি নিয়মিত জাফলং গিয়ে সার্বিক অবস্থা দেখি। সাম্প্রতিক অবস্থা খুবই খারাপ। অচিরেই অভিযান চালিয়ে বোমা মেশিন বন্ধ করার চেষ্টা করব।’
বোমা মেশিন নিষিদ্ধ হওয়ার দীর্ঘ প্রায় সাত বছর পরও এ যন্ত্রের ব্যবহার অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষিদ্ধ এ যন্ত্রের ব্যবহার কেন বন্ধ করা যাচ্ছে না, তা তদন্ত করা দরকার।