'বোমা মেশিন' দিয়ে 'রাতচোরা' কৌশলে পাথর-বালু উত্তোলন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধ ‘বোমা মেশিন’ দিয়ে অভিনব ‘রাতচোরা’ কৌশলে পাথর ও বালু উত্তোলন করছেন এ মেশিনের মালিকেরা। উপজেলা প্রশাসনের দিনে অব্যাহত অভিযানের ফলে তাঁরা রাতে নদীতে ভাসমান স্থাপনা বসিয়ে ওই ‘বোমা মেশিন’ দিয়ে পাথর ও বালু তুলছেন।
২০০৯ সাল থেকে উচ্চ আদালত ‘বোমা মেশিন’ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে পাটগ্রামে নদীতে পাইপ বসিয়ে উচ্চক্ষমতাপূর্ণ ছয় সিলিন্ডারযুক্ত পাওয়ার পাম্প ব্যবহার করে এ যন্ত্র দিয়ে মাটির ১০০ থেকে ২০০ ফুট তলদেশ থেকে পাথর ও বালু উত্তোলন করছেন মেশিনের মালিকেরা।
উপজেলা প্রশাসন ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা প্রশাসন নিষিদ্ধ এ মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। উপজেলা প্রশাসনের দিনের অব্যাহত অভিযানের ফলে দিনে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলন প্রায় বন্ধ হয়েছে। কিন্তু এখন কৌশল পাল্টিয়েছেন ‘বোমা মেশিন’-এর মালিকেরা। তাঁরা এখন ‘রাতচোরা’ কৌশল নিয়েছেন। তাঁরা রাতে ধরলা, সিঙ্গিমারী ও তিস্তা নদীর উভয় দিকে সমান দূরত্ব রেখে পানির মধ্যে ভাসমান স্থাপনা বসিয়ে ওই মেশিন দিয়ে পাথর ও বালু তুলছেন। এদিকে মেশিনের মালিকদের এ কৌশলের জন্য উপজেলা প্রশাসন রাতেও অভিযান শুরু করেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সীমান্তবর্তী শ্রীরামপুর ইউপির মাস্টারপাড়া গ্রাম এলাকায় ধরলা নদীতে রাতে মেশিন বসিয়ে পাথর ও বালু তোলা হচ্ছে। এ ছাড়া উপজেলার পাটগ্রাম, বুড়িমারী, শ্রীরামপুর ও দহগ্রাম ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামে ধরলা, সিঙ্গিমারী, তিস্তা নদীসহ আবাদি জমিতে মেশিন দিয়ে দেদার পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে।
পাথর ব্যবসায়ী সেজে (এ প্রতিবেদক) কথা হয় কয়েকজন মেশিন-মালিক ও পাথর উত্তোলন শ্রমিকের সঙ্গে। তাঁরা বলেন, দিনের চেয়ে রাতে নিরাপদ বেশি, তাই রাতে চলে বেশির ভাগ মেশিন। উপজেলা প্রশাসনের নতুন অভিযান এড়াতেই ধরলা ও সিঙ্গিমারী নদীতে বোমা মেশিন চালাতে ‘রাতচোরা’ কৌশল নিয়েছেন তাঁরা। তাঁদের মতে, ধরলা ও সিঙ্গিমারী নদীতে বোমা মেশিন দুটি কৌশলে চলে। একটি, অভিযান শুরু হলে মেশিন রক্ষার কৌশল। আরেকটি, বালুচরে (চোরা) মেশিন লুকিয়ে রাখার কৌশল। নদীর জলমগ্ন একটি নির্দিষ্ট জায়গায় স্থাপনা তৈরি করে বসানো হয় একাধিক মেশিন। এতে শ্রমিকের সংখ্যা থাকে তিন-চারজন। ঘুরে ঘুরে মেশিন চলে। অভিযানের খবর পেলে ওই মেশিন পানিতে ফেলে রাখা হয়, তা না হলে নদীর পানির মধ্যবর্তী স্থানে বা উত্তোলিত বালুচরে (স্তূপ) লুকিয়ে রাখা হয়। পরে লোকবল সরিয়ে ফেলা হয়। মেশিনের সাইলেন্সার (শব্দ) পাইপ পানিতে ফেলে রাখা হয়। ফলে অভিযানের সময় মেশিনটি হাতের নাগালে না পাওয়ায় প্রশাসন তা ধ্বংস করতে পারে না। অভিযান শেষে মেশিনের মালিকেরা ফের পাথর ও বালু উত্তোলন শুরু করেন।
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘এ বছর শুধু রাতেই অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৫০টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। যার অধিকাংশ চলছিল নানা কৌশলে। যতই কৌশল করুক মেশিনের মালিক ও ব্যবসায়ীরা, আমরাও কৌশল পাল্টিয়ে এখন রাতে অভিযান চালিয়ে নদী থেকে সব মেশিন উচ্ছেদ করব।’