'বোমা তৈরির সময়' বিস্ফোরণ, যুবক আহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের মুলা মার্কেটে (বাজার) বিস্ফোরণে আফছার উদ্দিন (২৪) নামের এক যুবকের ডান হাত ঝলসে গেছে। আফছার বোমা তৈরি করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আফছারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সন্ধ্যা সাতটার দিকে মুলা মার্কেটের সাইকেল-রিকশা মেকানিক আলাউদ্দিনের দোকানের পেছনে হঠাৎ বিকট একটি বিস্ফোরণের শব্দ হয়। এ সময় ভয়ে পুরো মার্কেটের লোকজন ভয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। বিস্ফোরণের পর আলাউদ্দিনের দোকানের পেছন থেকে আফছার উদ্দিনসহ কয়েকজন বেরিয়ে আসেন। এ সময় আফছারকে আহত দেখে আশপাশের লোকজন তাঁকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, আহত আফছারের ডান হাতে বিস্ফোরণের ফলে যে রকম আঘাত দেখা যায়, সে রকমই আঘাত দেখা গেছে। বোমার বিস্ফোরণের কারণেই হয়তো এমন হয়েছে। তবে তাঁর হাতে স্প্লিন্টার পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, একটি দোকানের পেছনে বোমা তৈরির সময় বিস্ফোরণে আফছার আহত হন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন জড়িত ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে। দোকানের মালিক আলাউদ্দিন (৩৩) ও আফছারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।