'বোমা মেকার' জুয়েল রানা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সেই ‘বোমা মেকার’ নামে খ্যাত জুয়েল রানা গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়েছেন। সদর উপজেলার হালসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল রানা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক।
র্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের কমান্ডার জামাল আল নাসের জানান, রোববার রাত আটটার দিকে হালসার গোকুলনগর ঈদগাহের কাছে র্যাবের গাড়ি দেখতে পেয়ে জুয়েল রানা (২২) রিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। আগে থেকেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সাত্তার জানান, ১১ ফেব্রুয়ারি বিকেলে হালসার নিশ্চিন্তপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হলে জুয়েল রানা আহত হয়ে পালিয়ে যান। পরে ওই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ ও ছিনতাইসহ ২৭টি মামলা রয়েছে। জুয়েল রানা সদর উপজেলার দত্তপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক। তিনি এলাকায় বোমা মেকার হিসেবে পরিচিত।