'বোমা মেশিনের' পাইপে আটকে শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের অবৈধ যন্ত্র ‘বোমা মেশিন’ দিয়ে পাইপের ভেতর আটকা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ওই শ্রমিকের নাম নওয়াজেশ খান (৩০)। বাড়ি গোয়াইনঘাটের ভিত্রিখেল গ্রামে। খবর পেয়ে রাতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাফলংয়ের পিয়াইন নদের তীরে কাটারির জুম এলাকায় বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল একটি চক্র। মাটির প্রায় ৫০ ফুট গভীরে পাইপ বসিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। বিকেলের দিকে গর্তের মধ্যে একটি পাইপ দিয়ে পাথর উত্তোলন না হওয়ায় নওয়াজেশ গর্তে নেমে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় বোমা মেশিন চালু করা হলে পাইপের ভেতরে আটকা পড়েন তিনি। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পাইপের ভেতর থেকে নওয়াজেশের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পাথর উত্তোলনকারী চক্রটি গা ঢাকা দিয়েছে। স্থানীয় একজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।