'বোমা মেশিনে' তোলা হচ্ছে মাটি

পাথর কোয়ারির নিষিদ্ধ যন্ত্র ‘বোমা মেশিন’ সুরমা নদী থেকে মাটি উত্তোলনে ব্যবহৃত হচ্ছে। নগরের জালালাবাদ থানা এলাকার জাঙ্গাইলের একাংশ দিয়ে প্রবহমান সুরমার তীরে বড় বড় গর্ত করে চলছে পলিমাটি উত্তোলন।
এ নিয়ে উদ্বিগ্ন নদীতীরের মানুষ। কারণ, নদীতীর ঘেঁষে এমন গর্ত গভীর হলে বর্ষায় তীব্র ভাঙন দেখা দেবে।
মাটির প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর থেকে পাইপের সাহায্যে এ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা হয়। এতে ভূগর্ভস্থ মাটির স্তর পরিবর্তন হয়ে ভূমিধসের আশঙ্কা থাকে। এ কারণে ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বোমা মেশিন নিষিদ্ধ করে।
শক্তিশালী পাওয়ার পাম্পযন্ত্রের সঙ্গে বড় বড় পাইপ সংযুক্ত করা যন্ত্রই ‘বোমা মেশিন’ নামে পরিচিত। এটি পাথর কোয়ারি এলাকায় পাথর উত্তোলনে ব্যবহৃত হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরমা নদীর নগরের অংশ শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। কোনো কোনো স্থানে চরও জেগে ওঠে। এ সময় যত্রতত্র ড্রেজিং করে মাটি উত্তোলন করা হয়। এর মধ্যে জালালাবাদ থানার জাঙ্গাইল দিয়ে প্রবহমান নদীর একাংশে এবার অন্যান্য বছরের তুলনায় পানি কম থাকায় ড্রেজিং দিয়ে মাটি উত্তোলনে খরচ বেশি পড়ছে। এ কারণে সংঘবদ্ধ মাটির কারবারিরা বোমা মেশিন ব্যবহার করছেন। নতুন বছরের শুরুতে জাঙ্গাইলের কাছে সুরমার একটি মোহনায় বোমা মেশিন বসানো হয়। পরে আরও চারটি বোমা মেশিন বসিয়ে প্রায় দুই মাস ধরে মাটি উত্তোলন করা হচ্ছে। এখন সেই মাটি নদীতীরে শুকিয়ে বিক্রি চলছে।
সরেজমিনে দেখা গেছে, পাঁচটি বোমা মেশিন নদীর জাঙ্গাইল অংশে রয়েছে। সর্বশেষ মেশিনটি বসানো হয়েছে ১৯ ফেব্রুয়ারি। মেশিনগুলো দিয়ে মাটি উত্তোলন এখন বন্ধ থাকলেও এ যন্ত্র দিয়ে উত্তোলন করা মাটি বিক্রি চলছে। বোমা মেশিনগুলো কারা পরিচালনা করছেন, এ বিষয়ে এলাকাবাসী নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এমনকি কয়েকজন মাটি ক্রেতার সঙ্গে যোগাযোগ করেও বোমা মেশিন পরিচালনাকারীদের নাম বা ঠিকানা জানা যায়নি। তাঁরা বিষয়টি এড়িয়ে গেছেন। এলাকার কয়েকজন জানান, শহরতলির বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগার স্থানান্তর হওয়াকে সামনে রেখে আশপাশ এলাকায় আবাসন গড়ে উঠছে। এতে সমতলের মাটি ভরাটে মাটির চাহিদা বেড়েছে। ড্রেজিংয়ের চেয়ে বোমা মেশিন দিয়ে মাটি উত্তোলনে খরচ অর্ধেকের কম। এ কারণে নদীকেন্দ্রিক মাটির কারবারিরা বোমা মেশিন ব্যবহারে ঝুঁকছেন।

এই মেশিনের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নদীতীরের বাসিন্দারা। চলতি মৌসুমের মাত্র দুই মাসের মাথায় শুধু জাঙ্গাইল এলাকায় চারটি বোমা মেশিনের ব্যবহারে নদীতীরে বড় বড় গর্ত হয়েছে। সরেজমিনে সেসব গর্ত দেখার সময় এলাকাবাসী আগামী বর্ষা মৌসুমে এসব গর্ত থেকে নদীভাঙন তীব্র হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান মুশতাক আহমদ বলেন, নদীতীর ঘেঁষে এমন গর্ত গভীর হলে বর্ষায় শুধু তীব্র ভাঙন নয়, নদীর বাঁক পরিবর্তন হওয়ারও আশঙ্কা রয়েছে।
তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকরে জেলা ও উপজেলা প্রশাসনকে পরিবেশ অধিদপ্তরকে নিয়ে টাস্কফোর্স গঠনের মাধ্যমে অভিযান অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, টাস্কফোর্স গঠন করে বোমা মেশিনবিরোধী অভিযান শুধু পাথর কোয়ারি এলাকায় চালানোর নির্দেশনা রয়েছে। সুরমা নদীতে নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে প্রশাসনকেই উদ্যোগী হতে হবে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর বোমা মেশিন এমনিতেই নিষিদ্ধ, সেটা পাথর কোয়ারিতে হোক আর বাইরেই হোক। নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে অভিযান চলবে। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।