'বোমা মেশিন' বসানো নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবৈধ ‘বোমা মেশিন’ (পাথর উত্তোলনযন্ত্র) বসানোকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারির কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফয়সল আহমদ (৩০) পাশের পশ্চিম ইসলাপুর ইউনিয়নের ঢোলাখাল গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি বোমা মেশিন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী, মনজুর মিয়া ও আফজাল হোসেন (৩০) নামের তিন ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, ঈদ সামনে রেখে ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় যত্রতত্র বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলনে তৎপর হয় পাথর ব্যবসায়ীদের একটি পক্ষ। গতকাল সকালে কাস্টমস ঘাট এলাকায় ফয়সল আহমদের পক্ষের লোকজন বোমা মেশিন বসানোর প্রস্তুতি নিলে দোলা মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে তর্ক-বিতর্ক হয়।
এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে ফয়সলের ওপর আক্রমণ করে একদল লোক। এ সময় ফয়সলকে লাঠি দিয়ে পিটিয়ে কাস্টমস ঘাট এলাকায় ফেলে তাঁরা চলে যায়। খবর পেয়ে ফয়সলের গ্রামের বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবেশবিধ্বংসী হওয়ায় পাথর উত্তোলনযন্ত্র বোমা মেশিন পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ করেছে। ঈদ সামনে রেখে পাথর কোয়ারি এলাকায় বোমা মেশিন বসানোর স্থান নির্ধারণ নিয়ে পাথর কোয়ারির আশপাশ গ্রামগুলোর মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি তৎপরতা চলছিল। এ তৎপরতা থেকে গতকালের ঘটনাটি ঘটে।
পাথর উত্তোলনের কর্তৃত্ব নিয়ে এর আগে ৩১ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে শামীম আহমদ ওরফে ছোটন নামে একজন খুন হয়েছিলেন। এ ঘটনার প্রায় আট মাসের মাথায় দ্বিতীয় হত্যার ঘটনা ঘটল।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, নিহত যুবকের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানিয়ে ওসি বলেন, বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের কর্তৃত্ব নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটক তিনজনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।