'ব্রিটিশ নাগরিকদের জোরপূর্বক বিয়ের ঘটনা সিলেটেই বেশি'
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লেইটন বলেছেন, গত চার বছরে বাংলাদেশে আসা ৮০ জন ব্রিটিশ নাগরিক জোরপূর্বক বিয়ের শিকার হয়েছেন বা হচ্ছিলেন। এর দুই-তৃতীয়াংশ ঘটনাই সিলেটে ঘটেছে।
জোরপূর্বক বিয়ে প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে৵ গতকাল মঙ্গলবার সিলেটের শাহ আলম আর্ট গ্যালারিতে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে তিন দিনব্যাপী পোস্টার প্রদর্শনী শুরু হয়েছে। এর উদ্বোধন করেন ডেপুটি হাইকমিশনার। তিনি বলেন, জোরপূর্বক বিয়ে রোধে সিলেট অঞ্চলে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্ক ক্লেইটন বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কিছুটা কমেছে। এই অবস্থা বহাল রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকলে অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে দেশ। তিনি বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশ ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি ধরে রেখেছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভুঁইয়া, সিলেটের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলার শাখার প্রধান হাসিনা রহমান। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।