'বড় ভাই বাহিনীর' দুই সদস্য আটক
সুন্দরবনের জোংড়া এলাকা থেকে শনিবার বিকেলে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। এ সময় দস্যুদের ব্যবহার করা চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁদের খুলনার দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, দস্যু দমনের অংশ হিসেবে শনিবার বিকেল তিনটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় অভিযানকারীরা বাইনোকুলারের মাধ্যমে বনের মধ্যে দস্যুদের অবস্থান শনাক্ত করেন। এরপর র্যাব সদস্যরা বনের ভেতর প্রবেশ করলে দস্যুরা পালিয়ে যেতে থাকে। র্যাব সদস্যরা ধাওয়া করে ‘বড় ভাই বাহিনীর’ দুই সদস্য খলিল শেখ (৩২) ও নজরুল ইসলাম মোল্লাকে (৪২) আটক করেন। তাঁদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সুলতানিয়া ও কালিকাপ্রসাদ গ্রামে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি দুইনলা বন্দুক, দুইটি বিদেশি কাটা রাইফেল ও ১৯টি গুলি উদ্ধার করা হয়েছে। আটক দস্যুদের অস্ত্র-গুলিসহ খুলনার দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
আদনান কবির আরও বলেন, গত দুই বছর ধরে ‘বড় ভাই বাহিনী’ সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের শ্যালা নদী, হরিণটানা, তাম্বুলবুনিয়া সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে ডাকাতি, জেলেদের অপহরণ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়ে আসছিল। এ বাহিনীর অন্য সদস্যদের আটকের জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে।