'ভাই, মাইরা মরেন, ধরা দেওয়া যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পারার পর তামিম চৌধুরী কী করবেন, সেই নির্দেশনা পেতে সারোয়ারকে খুদে বার্তা পাঠান। তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী খুদে বার্তা চালাচালি হয়। শেষে সারোয়ার তাঁদের পুলিশের ওপর অস্ত্র ও বোমা নিয়ে আক্রমণ চালিয়ে মারা যাওয়ার পথ বাতলে দেন।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এসব তথ্য দেন। র্যা ব বলছে, সারোয়ার জাহান নব্য জেএমবির প্রধান। তাঁর সাংগঠনিক নাম ‘শায়খ আবু ইব্রাহিম আল হানিফ’ ওরফে আবদুর রহমান। ৮ অক্টোবর র‌্যাবের অভিযানের সময় আশুলিয়ার বাসার পাঁচতলা থেকে পড়ে নিহত হন এই সারোয়ার জাহান ওরফে আবদুর রহমান।
তাঁর মুঠোফোন ও অন্যান্য যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের প্রমাণ মিলেছে। এর মধ্যে গত ২৮ আগস্ট ভোররাতে তামিম চৌধুরীকে পুলিশ ঘিরে ফেলার পর সারোয়ারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তামিম ও সারোয়ারের খুদে বার্তাগুলো সংবাদ সম্মেলনের সময় বড় পর্দায় দেখানো হয়। রাত ২টা ২৩ মিনিট ৪৪ সেকেন্ড থেকে ৩টা ৩৯ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত তামিম ও সারোয়ার ‘প্রটেক্টেড টেক্সট’-এর মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখেন, যা পরে উদ্ধার করে র‌্যাব। সংবাদ সম্মেলনে আট পৃষ্ঠার একটি ওয়ার্ড ফাইল থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখানো ও পড়ে শোনানো হয়।
প্রথম খুদে বার্তায় রাত ২টা ২৩ মিনিটে তামিম লেখেন, ‘সালাম। ভাই আছেন? এদিকে তাগুত (সরকারি সংস্থা বা পুলিশ) এসেছে। আমরা ফাইট করার প্রস্তুতি নিচ্ছি। দোয়া করেন আমাদের জন্য।’
তামিম: ভাই, আমরা আল্লাহর কাছে যাচ্ছি। আনুগত্যে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন। যে প্ল্যানগুলো করছি সব কাজে লাগাইয়েন।
সারোয়ার উত্তর দেননি অনেকক্ষণ। রাত ৩টা ২ মিনিটে প্রথম উত্তর দিয়ে তিনি লেখেন, ‘কী হয়েছে?’
তামিম: ওরা বাইরে পজিশন নিয়ে আছে।
সারোয়ার: কয়জন এসেছে?
তামিম: ফুল সোয়াট। আমরা সব কাগজ জ্বালিয়ে দিয়েছি।
সারোয়ার: কে নিয়ে আসল?
এরপর তামিম উত্তরে যার নাম লিখেছেন, সেটা সংবাদ সম্মেলনে দেখানো বা বলা হয়নি।
সারোয়ার: পিসি হার্ডডিস্ক নষ্ট করেন। সব আইডি নাম চেঞ্জ করেন।
সারোয়ার: ফল আছে তো ভাই? (ফল বলতে বোমা বা গ্রেনেড বোঝানো হয়েছে বলে জানান কর্মকর্তারা)
তামিম: জি হ্যাঁ, ফল আছে। সিম আর সেট কি নষ্ট করব, না আরও ওয়েট করব?
সারোয়ার: ভাই, এখনো নষ্ট কইরেন না।
তামিম: ওরা ওপরে আসছে। দরজার সামনে আছে, ওয়াকিটকিতে আলাপ করছে—বলছে, এক রাউন্ড গুলিও করছে।
সারোয়ার: দরজায় কি একটি ফল (বোমা) সেট করে ফাটাবেন?
তামিম: এখন সম্ভব না, তবে রুম থেকে ছুড়ে মারা যায়। ভাই, ওরা পজিশন নিছে পাশেই। আমরা কি ফোন আর সিম ডেস্ট্রয় করে দিব?
সারোয়ার: না, আপনারা ফল (বোমা) মেরে ফায়ার শুরু করেন। আর না-হয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা ওয়েট না করলে ফল ফাটায়া হিট শুরু করে দেন।
তামিম: আমাকে শহীদ করতে হবে। আমি মারা যাই। বাকি দুজন যুদ্ধ করবে।
সারোয়ার: ভাই, মাইরা মরেন, ধরা দেওয়া যাবে না।
সারোয়ার: আপনি কি ফায়ার করতেছেন?
তামিম: না। জাস্ট একটা শুট করছে। আবার চুপ। ভাই, দ্রুত বলেন। আবার গুলি করছে।
সারোয়ার: আমার মনে হয় গেটে ফল ফাটায়া হিট করলে ভালো হবে।
তামিম: আগে আমাকে শহীদ করবে কে? প্লিজ ভাই, অনুমতি দেন।
সারোয়ার: ভাই, সবাই মিলে হিট করেন। তাদের হাতে শহীদ হন। সামান (অস্ত্র) আর ফল নিয়ে হিট করেন।
সারোয়ারের শেষ কথাটি ছিল: ওকে ভাই, যেটা ভালো মনে করেন, সেটা করেন।
র‌্যাবের মহাপরিচালক এ কথোপকথনের বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এটা স্পষ্ট যে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানা যখন পুলিশ ঘিরে ফেলে, তখন ভেতরে থাকা তামিমকে নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন সারোয়ার। তামিম তাঁর সহযোগীদের গুলিতে নিহত হওয়ার ইচ্ছা পোষণ করে সারোয়ারের কাছে অনুমতি চান। কিন্তু সারোয়ার শেষ পর্যন্ত সবাইকে পুলিশের সঙ্গে যুদ্ধ করে নিহত হওয়ার পথ বাতলে দেন।
মেজর জাহিদ প্রসঙ্গ: বেনজীর আহমেদ বলেন, তামিম নিহত হওয়ার পর তাঁর জায়গায় মেজর জাহিদুল ইসলামকে বসানোর সিদ্ধান্তও দিয়েছিলেন সারোয়ার। এটা নিয়ে সংগঠনের আরেকজনের সঙ্গে তাঁর কথোপকথনটিও পেয়েছে র‌্যাব।
সদস্য: আবু দুজানার (তামিম) জায়গায় কাকে দিবেন?
সারোয়ার: কয়েক দিন আগে একজনকে বডিতে নেওয়া হয়েছে (বডি মানে শুেরা বা নীতিনির্ধারণী কমিটি)।
সদস্য: ও কি নতুন?
সারোয়ার: সে একসময় তাগুতের (সরকারি সংস্থা) মেজর ছিল।
সদস্য: আল্লাহু আকবার। তাজকিয়া করা হয়েছে?
সারোয়ার: চার মাস হলো হিজরত করা হয়েছে।