'ভাড়ায় মানুষ খুন করতেন অস্ত্র ব্যবসায়ী সাইফুল্লাহ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল্লাহ খান
সাইফুল্লাহ খান

সাইফুল্লাহ খান অস্ত্র ব্যবসার পাশাপাশি তা ভাড়া দিতেন। ভাড়ায় মানুষও খুন করতেন। জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি)।
গত বুধবার রাতে রাজধানীর বাসাবো এলাকা থেকে তিনটি অস্ত্র ও এক হাজার গুলিসহ সাইফুল্লাহ খানকে (৪০) গ্রেপ্তার করে ডিবি।
ডিবি সূত্র জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ১/১১ পূর্ব বাসাবোর কার্যালয় থেকে দুটি রিভলবার ও একটি পিস্তলসহ সাইফুল্লাহকে আটক করা হয়। তিনি অস্ত্র ব্যবসার আড়ালে মুঠোফোন মেরামতের দোকান চালিয়ে আসছিলেন। উদ্ধার হওয়া গুলির মধ্যে রিভলবার, পিস্তল ও শটগানের গুলি রয়েছে। তাঁর বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে আজ শুক্রবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, সাইফুল্লাহ একটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। তিনি আগ্নেয়াস্ত্র বেচাকেনায় জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। উদ্ধার হওয়া তিনটি অস্ত্র অত্যাধুনিক। এর মধ্যে দুটি চেক প্রজাতন্ত্রের ও আরেকটি ব্রাজিলের তৈরি।
মনিরুল ইসলাম বলেন, গত সপ্তাহে এক অস্ত্র ব্যবসায়ী ভারতের সীমান্ত দিয়ে হিলি হয়ে পাঁচটি অস্ত্র ও এক হাজার গুলি সাইফুল্লাহর কাছে পৌঁছে দিয়েছিলেন। এর মধ্যে সাইফুল দুটি অস্ত্র তার সহযোগীদের কাছে এবং বাকি তিনটি অস্ত্র তাঁর নিজের কাছে রেখে দেন।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সাইফুল্লাহ কিছুদিন ধরে রাজনৈতিক একজন নেতাকে হত্যা করার উদ্দেশ্যে তাঁকে অনুসরণ করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির উপকমিশনার মো. জাহাঙ্গীর আলম মাতুব্বরের নির্দেশে ডিবির একটি দল অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে।
অভিযান পরিচালনা তদারকি ডিবির উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে সাইফুল্লাহ জানিয়েছেন তিনি অস্ত্র ব্যবসার পাশাপাশি তা আবার ভাড়াও দেন। এ ছাড়া তিনি ভাড়ায় মানুষ খুন করেন।