'ভিতরে ধুমা, শ্বাস নিতে পারি না'

ছবি তোলার সময় হঠাৎ চোখ খুললেন তিনি। অস্পষ্ট স্বরে বললেন, ‘ওই ডাক্তার! ভিতরে ধুমা, শ্বাস নিতে পারি না।’ ডাকতেই তৎক্ষণাৎ ছুটে এলেন হাসপাতালের নার্সরা। দ্রুত তাঁর মুখে অক্সিজেনের মাস্ক দেওয়া হলো। চুপ হয়ে গেলেন তিনি।
এই মানুষটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মো. শফিকুল ইসলাম (১৮)। কালকেও যে তরুণ সুস্থ স্বাভাবিক ছিলেন, আজ তিনি ধবধবে সাদা একটা ব্যান্ডেজের পিণ্ড। আজ ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়েছেন। তাঁর গোটা শরীরই ব্যান্ডেজে মোড়ানো।
হাসপাতালের বিছানায় শুয়ে কেবল জোরে জোরে শ্বাস নিচ্ছেন শফিকুল। এ কাজটি করতে প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছিল তাঁর। শফিকুল থাকেন চট্টগ্রামে। পেশায় ফেরিওয়ালা। শফিকুল প্রতি মাসেই একবার করে সোনারগাঁয়ে যান। গতকালও তিনি যাচ্ছিলেন। ভেবেছিলেন, বাড়ি ফিরে একটু আরাম করে ঘুমাবেন। কিন্তু এখন হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন।
চোখের পানি মুছতে মুছতে বড় ভাই মোক্তার হোসেন জানান, মা মারা গেছে আজ ৫০ দিন। এর মধ্যে ভাইয়ের এই অবস্থা। বাসে ওঠার আগেও শফিকুলের সঙ্গে তাঁর কথা হয়েছে। বলেছিলেন, সকালের মধ্যে বাড়ি পৌঁছাবেন। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে মুঠোফোনে জানানো হয়, পেট্রলবোমার আগুনে পুড়ে গেছেন শফিকুল।
পাঁচ ভাইবোনের মধ্যে শফিকুল তৃতীয়। মোক্তার বলেন, ‘ওয় ঠিকমতো শ্বাস নিতে পারছে না। শরীরাটাও পুইড়া গেছে। জানি না কী হইবে!’
শফিকুল সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের শিক্ষক সাজ্জাদ খন্দকার জানান, আগুনে শফিকুলের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।