'ভুল অস্ত্রোপচারে' প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ধামরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারের কারণে তাহমিনা আক্তার (২০) নামের এক প্রসূতি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর অস্ত্রোপচার করেছেন হাসপাতালের মালিক বক্ষব্যাধির এক সার্জন। বক্ষব্যাধির সার্জন হয়ে প্রসূতির দেহে অস্ত্রোপচার করায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তাহমিনার ভাসুর আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত শনিবার সন্ধ্যায় তাহমিনাকে ধামরাইয়ের ‘মেডিসিটি চেস্ট অ্যান্ড জেনারেল হাসপাতাল’ নামের প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের মালিক চিকিৎসক মোবারক হোসেন প্রসূতির দেহে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর থেকে তাহমিনার অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসক মোবারক হাসপাতাল থেকে চলে যান। রাত সাড়ে ১২টার দিকে অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাহমিনাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাহমিনা মারা যান। তিনি অভিযোগ করেন, ভুল অস্ত্রোপচারে তাহমিনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁরা আইনি ব্যবস্থা নেবেন।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবারক হোসেন বলেন, তিনি বক্ষব্যাধি হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের রেজিস্ট্রার। তিনি দাবি করেন, আগে থেকেই তাহমিনার নানা সমস্যা ছিল। তাই মা আর নবজাতক দুজনকে বাঁচাতেই তিনি তাঁর শরীরে দ্রুত অস্ত্রোপচার করেন। কিন্তু আগের সমস্যাগুলোর কারণে তাহমিনার শরীরের অবনতি ঘটে।

বক্ষব্যাধির সার্জন হয়ে তিনি প্রসূতির অস্ত্রোপচার করতে পারেন কি না?—প্রশ্ন করলে মোবারক হোসেন বলেন, ‘কেন পারব না ? আমি তো সার্জন। তাই প্রয়োজনে সব ধরনের রোগীর দেহেই অস্ত্রোপচার করতে পারি। তা ছাড়া স্ত্রীরোগ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে।’

তবে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খান বলেন, মানবদেহের বিভিন্ন অঙ্গ ও রোগের জন্য পৃথক পৃথক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। প্রসূতির চিকিৎসাসহ তাঁর দেহে অস্ত্রোপচারের কাজ করতে পারেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। বক্ষব্যাধির সার্জন হয়ে প্রসূতির দেহে অস্ত্রোপচার করতে পারেন না। তিনি আরও বলেন, অনুমোদন না থাকায় মাস খানেক আগে ওই হাসপাতালটিকে জরিমানা করা হয়েছিল। এরপর অনুমোদন পেলেও আরও একটি দুর্ঘটনা ঘটল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।