'ভুল চিকিৎসা'য় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
ব্রাহ্মণবড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা ওই হাসপাতালে ভাঙচুর চালান। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
মৃত মতিউর জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে। তিনি সৌদিপ্রবাসী। দুই মাস আগে ছুটিতে দেশে আসেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মতিউর টনসিলের ব্যথায় ভুগছিলেন। গতকাল সকালে ব্যথা বেড়ে যাওয়ায় মতিউরকে শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে ঢাকা থেকে আসা নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ আসলাম হাজারী মতিউরের টনসিলের অস্ত্রোপচার করার পরামর্শ দেন। দুপুরে ওই হাসপাতালে চিকিৎসক আসলাম হাজারীর নেতৃত্বে মতিউরের অস্ত্রোপচার করা হয়। দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর মতিউরের অবস্থার অবনতি হয়। এ সময় চিকিৎসক মতিউরকে ঢাকায় পাঠাতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল ও পরিবারের লোকজন ঢাকায় নেওয়ার জন্য দ্রুত অ্যাম্বুলেন্সে তোলার সঙ্গে সঙ্গেই মতিউর মারা যান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মতিউরের স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। ঘটনার পরপরই চিকিৎসক আসলাম হাজারীসহ হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারী গা-ঢাকা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেল চারটার দিকে ওই হাসপাতালে গিয়ে চিকিৎসক ও মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। এ সময় চিকিৎসক আসলাম হাজারীর চেম্বারে চোখ পড়ে। সেখানে লেখা রয়েছে, ‘ডা. মো. আসলাম হাজারী এমবিবিএস (ঢাকা), বিএলও (ঢাকা বিশ্ববিদ্যালয়), ট্রেন্ড ইন এফ.ই.এফএফ (লন্ডন), সাহিক বিশেষায়িত (নাক, কান, গলা) হাসপাতাল, মহাখালী, ঢাকা।’
নিহত মতিউর রহমানের ভাই লোকমান হোসেন বলেন, বেলা সাড়ে ১১টায় আধা ঘণ্টার মধ্যেই অপারেশন হয়ে যাবে বলে চিকিৎসকেরা জানান। কিন্তু দেড় ঘণ্টা পার হলেও অপারেশন শেষ হয়নি বলে সন্দেহ হয়। আসলাম হাজারী আদৌ নাক, কান ও গলার চিকিৎসক কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
মতিউরের স্ত্রী রাবেয়া খাতুন অভিযোগ করে বলেন, ‘ডাক্তারের ভুলের লাইগ্যাই আমার স্বামী মারা গেছে। ওই ঢাহার ডাক্তাররে দেখানোর পরপরই তিনি অপারেশন করবার লাইগ্যা তাড়াহুড়া শুরু করছে। হেরা আমার ভালা স্বামীরে মাইরা লাইছে।’
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও চিকিৎসক আসলাম হাজারী ও অবেদনবিদ সারওয়ার জাহানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি হাসপাতালের পরিচালক নই। আমি এখানে কাজ করি।’ তবে কোন পদে কাজ করেন তা বলেননি। তিনি বলেন, রোগীর লোকজনের স্বাক্ষরের পরই অস্ত্রোপচার করা হয়েছে। স্ট্রোক করে ওই রোগী মারা গেছেন বলে জানান তিনি। পরে তিনি ওই হাসপাতালের আরেকটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরে ফোন দিলে একজন লোক ধরে বলেন, ‘আমি রোগীর লোক। হাসপাতালের মালিক ফোন ফেলে বাইরে গেছেন।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ গা-ঢাকা দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।