আবেদনপত্রে সঠিক তথ্য লেখার পরও পাসপোর্টে ‘ভুল তথ্য’ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন, ফরম সঠিকভাবে পূরণ করার পরও পাসপোর্ট হাতে পাওয়ার পর দেখেন সেখানে ভুল তথ্য লেখা রয়েছে। তাঁরা বলছেন, আবেদন করার সময় যাঁরা পাসপোর্ট কার্যালয়ের কর্মচারীদের ‘বকশিশ’ দেন না, তাঁদের পাসপোর্টেই ভুল তথ্য পাওয়া যাচ্ছে।
অবশ্য পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বলছেন, ভুলগুলো ইচ্ছাকৃত নয়। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হচ্ছে।
সঠিক তথ্য দেওয়ার পরও পাসপোর্টে ভুল তথ্য এসেছে, এমন ১০ জন গ্রাহকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের একজন স্থানীয় সাংবাদিক এনভিল চাকমা। তিনি অভিযোগ করেন, সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরও তাঁর জন্মস্থান ও স্থায়ী ঠিকানা পাসপোর্টে ভুল এসেছে। তিনি অভিযোগ করার পর পাসপোর্ট কর্তৃপক্ষ এটিকে তাদের ভুল বলে স্বীকার করে সংশোধন করে দেওয়া হবে বলে জানায়। পরে তাঁর কাছ থেকে পাসপোর্টটি ফেরত নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাঁকে সংশোধিত পাসপোর্ট ফেরত দেওয়া হয়। কিন্তু তিনি পাসপোর্ট হাতে নিয়ে দেখেন এবারও তাঁর জন্মস্থান ভুল লেখা হয়েছে।
রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার বাসিন্দা জয়তী চাকমা অভিযোগ করেন, আবেদনপত্র জমা দেওয়ার সময় জরুরি যোগাযোগের স্থানে তিনি বোনের নাম লেখেন। কিন্তু পাসপোর্ট কার্যালয়ের ছবি তোলা ও তথ্য সন্নিবেশ করার দায়িত্বে নিয়োজিত কর্মচারী তাঁকে বোনের পরিবর্তে স্বামীর নাম দিতে বলেন। পরে পাসপোর্ট হাতে পেয়ে দেখেন জরুরি যোগাযোগের ব্যক্তির নামের ঘরে তাঁর স্বামীর নাম আছে ঠিকই কিন্তু সম্পর্কের ঘরে দেওয়া আছে ‘বোন’। এখন নতুন করে ব্যাংকে ফি জমা দিয়ে আবার সংশোধনের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন।
রূপালী ব্যাংকের রাঙামাটি রিজার্ভ বাজার শাখার কর্মকর্তা অনুপমা দেওয়ান অভিযোগ করেন, প্রথম দফায় পাসপোর্ট পেয়ে দেখেন তাঁর নামের ইংরেজি বানানে ‘দেওয়ান’ শব্দটি ভুল করা হয়েছে। পাসপোর্ট কার্যালয়ে যোগাযোগ করার পর এই ভুলের দায় নিতে অস্বীকার করেন পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু পরে আবেদনপত্র পরীক্ষা করে তাঁরা স্বীকার করেন ভুলটি তাঁদের। ভুল সংশোধনের জন্য আরও সময় লাগবে বলে তাঁকে জানানো হয়।
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ করেন, তাঁর পাসপোর্টেও জন্মতারিখ ও মা-বাবার নাম ভুল এসেছে। সংশোধন করার জন্য তিনি নির্দিষ্ট ফি জমা দেওয়ার দুই মাস পরও পাসপোর্ট হাতে পাননি।
অভিযোগের বিষয়ে রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের অফিস সহকারী মো. মিন হাফিজ দাবি করেন, ভুলগুলো যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। তিনি বলেন, ‘আমি গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০টি পাসপোর্টের তথ্য সন্নিবেশ করি। আমার ভুল হতেই পারে।’
এ বিষয়ে রাঙামাটি পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল মোত্তালেব সরকার বলেন, এত ভুল তো হওয়ার কথা নয়। এ রকম ভুল যাতে না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।