এসএসসি পরীক্ষায় ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গত দুদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ ও জামালপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজধানীর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম, রমন হোসেন, মো. রাজীব আলী, মো. আরিফুল ইসলাম, অন্তর, মো. তারিফুজ্জামান হিমেল, মো. লিটন মিয়া ও মো. জহিরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার শিক্ষক রফিকুল ইসলাম রাজধানীতে ‘জ্ঞানকোষ’ নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। জহিরুল তাঁর ঘনিষ্ঠ সহযোগী।
আবদুল বাতেন বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্ন কেন্দ্র থেকে সাবসেন্টারে নেওয়ার সময় জহির প্রশ্নের ছবি তুলে তা ১০ মিনিটে নিজেদের পেজে ছড়িয়ে দেন। যারা তাঁদের ওই পেজে আছে, তারা বিকাশে এক থেকে পাঁচ হাজার টাকা দিয়ে সেখানে আগে থেকেই যুক্ত হয়। পরীক্ষার ১৫-২০ মিনিট আগে এমসিকিউ প্রশ্ন তারা পায়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রশ্নপত্র পেতে পরীক্ষার্থীদের ফেসবুক, ম্যাসেঞ্জার নকল আইডি খুলে ওই পেজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন। গত ১৪ ফেব্রুয়ারি ‘ভুয়া’ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।