'ভোলা খুবই ধূর্ত, সহজে মুখ খুলছে না'
‘ভোলা খুবই ধূর্ত। সহজে মুখ খুলছে না। তবে কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। পিস্তল ও গুলি কেন সরবরাহ করেছিল, তা জানার চেষ্টা চলছে’—এই বক্তব্য মাহমুদা খানম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামানের।
এহতেশামুল হক ওরফে ভোলাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কি না, জানতে চাইলে সোমবার প্রথম আলোকে এসব কথা বলেন তদন্ত কর্মকর্তা।
এর আগে গত রোববার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভোলাকে নগরের লালদীঘি এলাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হতে পারে।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদাকে। তাঁকে খুন করতে খুনিদের পিস্তল ও গুলি সরবরাহ করেছিলেন ভোলা। কার নির্দেশে এবং কেন তিনি অস্ত্র ধার দিয়েছিলেন, সে বিষয়ে জানতে সাত মাস পর আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
মাহমুদার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বাবুল আক্তারের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন ভোলা। মাহমুদা হত্যার তিন সপ্তাহ পর গত বছরের ২৭ জুন এই মামলায় গ্রেপ্তার হওয়া মো. ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা উল্লেখ করেন, কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে হত্যাকাণ্ডে তাঁরা সাত-আটজন অংশ নেন। অস্ত্র সরবরাহ করেন ভোলা। ওই দিন রাতেই পুলিশ বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করেন। গ্রেপ্তার করা হয় ভোলা ও তাঁর সহযোগী মো. মনিরকে।
তদন্ত শেষে গত বছরের ২৮ জুলাই ভোলা ও মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু কার নির্দেশে, কেন ভোলা মাহমুদা হত্যায় অস্ত্র সরবরাহ করেন, তা তদন্তে উঠে আসেনি। বর্তমানে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।