'মনে শান্তি ফিরা পাইছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, এই কয় দিন মনে ডর আছিল। এখন মনে শান্তি ফিরা পাইছি। যে অবস্থার মধ্যে দিনকাল গেছিল, বাঁচমু কি মরমু, কুনু ভরসা আছিল না।’ কথাগুলো শিববাড়ি এলাকার বাসিন্দা নির্মল দাশের (৩৬)। তাঁর বাড়ি সুনামগঞ্জে, তবে তিনি অনেক দিন ধরে দক্ষিণ সুরমা এলাকায় বাস করেন। এই এলাকার আতিয়া মহল ঘিরে গত বৃহস্পতিবার থেকে জঙ্গিবিরোধী অভিযান চলছে। 


গতকাল সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আতিয়া মহলের নিচতলায় চারটি মরদেহ পাওয়া গেছে। এর মধ্য থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। আজ মঙ্গলবার সেনা কমান্ডোরা ভবনের ভেতরে গিয়ে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার কাজ করছেন।

আতিয়া মহল জঙ্গিমুক্ত হওয়ায় নির্মল দাশ অনেক খুশি হয়েছেন। শুধু তিনি নন, এলাকাবাসীও খুব খুশি হয়েছেন। তবে গত কয়েকটি দিন দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার বাসিন্দারা যে চরম আতঙ্ক আর ভয়ে দিন-রাত কাটিয়েছেন, তা বলতেও ভুললেন না তাঁরা।

আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আতিয়া মহলের আশপাশের অন্তত ২২ জন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁদের অভিন্ন ভাষ্য, সেনাবাহিনী আতিয়া মহলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় তাঁরা এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন। যানবাহন চলাচল, গ্যাস-সংযোগ কিংবা স্থানীয় দোকানপাট এখনো বন্ধ থাকায় কষ্ট থাকলেও তাঁরা আর আতঙ্কে নেই। তাঁরা এখন নির্বিঘ্নে বাড়ির আশপাশে ঘোরাফেরা করছেন।

জৈনপুর গ্রামের স্থাপিত একটি অস্থায়ী চায়ের দোকানে বসে গল্প করছিলেন দুজন বয়স্ক ও চারজন তরুণ। তাঁদের প্রত্যেকের আলোচনার প্রসঙ্গ ছিল আতিয়া মহল। চা পান করতে করতে রব মিয়া নামের ষাটোর্ধ্ব ব্যক্তিটি বললেন, এত দিন চোখে-মুখে ভয় আর সংশয় ছিল। এখন সেই ভাব কেটে গেছে। বুকের ভেতরটা এখন হালকা হয়ে গেছে। মনে হচ্ছে, একটা শক্ত পাথর নেমে গেছে। কদমতলী এলাকার ব্যবসায়ী শামীম আহমদ (৩২) বলেন, ‘‌যাক, শেষ পর্যন্ত অবরুদ্ধ অবস্থা থেকে আমরা মুক্তি পেলাম। আল্লার কাছে হাজার শুকরিয়া।’

আতিয়া মহলের পার্শ্ববর্তী তালুকদারপাড়া, গোটটিকর, বান্ধরঘাট ও মাঝপাড়া এলাকার সাতজন বাসিন্দা বলেন, গত কয়েক দিন আতিয়া মহলের আশপাশের এলাকার বাসিন্দারা ছিলেন চরম আতঙ্কে। বিস্ফোরণের শব্দে বারবার কেঁপে উঠছে তাঁদের বাড়ি। রাতে ঘুম আসেনি। শিশুদের নিয়ে ভয় ছিল আরও বেশি। বাইরে যাওয়ার উপায় ছিল না। অনেকটাই ঘরে বন্দী জীবন যাপন করেছেন তাঁরা। এই পরিস্থিতি থেকে স্বস্তি পেতে অনেকে এলাকা ছেড়ে দূরে চলে গেছেন। কেউ চলে গেছেন গ্রামের বাড়ি। কেউ-বা আবার উঠেছেন গিয়ে আত্মীয়স্বজনের বাড়ি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ায় স্বস্তি এসেছে। ঘর ছেড়ে দূরে চলে যাওয়া বাসিন্দারা দু-এক দিনের মধ্যে নিজ বাড়িতে ফিরে আসবেন বলেও তাঁদের ধারণা।

শিববাড়ির পৈত্যপাড়ায় বাসিন্দা ব্যবসায়ী মো. আবদুল কাইয়ুমের বাসাটি আতিয়া মহল থেকে ৪৫০ হাত দূরে। মুহুর্মুহু গুলি-বিস্ফোরণের শব্দে ভয় আর আতঙ্কে গত রোববার সন্ধ্যার পর তিনি মা-বাবা-ভাইকে নিয়ে নিজের বাসা ছেড়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার চম্পকলতায় চলে গিয়েছিলেন। আজ দুপুরে মুঠোফোনে কাইয়ুম বলেন, চার জঙ্গি নিহত হওয়ার ঘটনায় তাঁদের মনে স্বস্তি ফিরে এসেছে। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে দু-এক দিনের মধ্যে তাঁরা পুনরায় নিজ বাসায় ফিরে আসবেন।

সিলেট মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, অভিযান সফলভাবে শেষ হয়েছে। এখন সেনা কমান্ডোরা বিস্ফোরক উদ্ধারের কাজ করছেন। উদ্ধারকাজ শেষ হলে দ্রুত যানবাহন চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর নিশ্চয়ই বন্ধ দোকানপাটও খুলে যাবে। তাই আশা করা যায়, দ্রুত পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে।

আতিয়া মহলের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা আজও রয়েছে। আতিয়া মহল ঘিরে তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গণমাধ্যমকর্মীরাও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছেন।

আতিয়া মহল নামের পাঁচতলা এই বাড়ি গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ঘিরে ফেলে পুলিশ। গত শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত গিয়ে অভিযানে অংশ নেয়। এরপর গত শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।