'মনের মইধ্যে বড় ভয় ঢুকি গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিববাড়ি-পাঠানপাড়া এলাকার আতিয়া মহলে অভিযান শুরুর পর ওই বাড়ি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ঔৎসুক্য ছিল। ঘটনা জানতে ওই এলাকার আশপাশে অন্তত ১০-১২ হাজার কৌতূহলী মানুষের ভিড় ছিল। তবে গত শনিবার সন্ধ্যায় নিরাপত্তা বেষ্টিত এলাকায় দুটি বোমা বিস্ফোরণের খবরে সেই কৌতূহল পরিণত হয়েছে উৎকণ্ঠায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শিবু পাল। তাঁর বাড়ি সিলেট নগরের পনিটোলায়। ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল এলাকায় তাঁর দেখা মেলে। আতিয়া মহলে আটকে পড়া ৭৮ জনের মধ্যে শিবুর এক আত্মীয় ছিলেন। তাঁর মুখ থেকে আটকে থাকা আত্মীয়দের কথা শুনতে তৈরি হয়েছিল জটলা। তবে মানুষের ভিড় বাড়তেই সতর্ক শিবু। বললেন, ‘আর কোনো মাত (কথা) নাই। মনের মইধ্যে বড় ভয় ঢুকি গেছে। কোনখান থাকি কোন সময় কিতা অয়, বলা দায়!’
সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় আতিয়া মহলের অবস্থান। এ দুটি মহল্লার আশপাশে রয়েছে কদমতলা, কিষানপুর, দিয়াগোটাটিকর ও আদিত্যপাড়া।
২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান বলেন, শনিবার ভোর থেকে আতিয়া মহলের চারদিকের সাতটি পাকা বাড়ি ও তিনটি কলোনির অন্তত ২৫টি কাঁচা ঘরবাড়ির বাসিন্দারা নিজেদের আত্মীয়স্বজনের বাড়িতে সরে গেছেন। শনিবার সন্ধ্যার ঘটনার পর গতকাল রোববার সকালে আরও অন্তত ১০টি বাড়ির মানুষ স্থানান্তরিত হয়েছেন নিজ উদ্যোগে। এ ছাড়া বাদবাকি সবাই স্বাভাবিক চলাফেরা গুটিয়ে সতর্ক অবস্থায় রয়েছেন।
সিলেট রেলস্টেশন থেকে শিববাড়ি পর্যন্ত রেললাইনের আশপাশের অন্তত ১১টি এলাকার মানুষের মনে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কৌতূহল ছাপিয়ে শুধুই উৎকণ্ঠা দেখা গেছে। রেলস্টেশনের একটি চায়ের স্টলে গতকাল দুপুরে চা খেতে খেতে স্থানীয় বাসিন্দা সমুজ মিয়া বলছিলেন, ‘খালি মানুষ আর মানুষ আছিল। কালুক ই-টাইমও মনে অইছিল রেল চলারও জায়গা পায়রও না। আজকু একই টাইমও সকাল থাকি ফকফকা। কোনো মানুষ নাই! সকলে ডরের (ভয়ের) মাঝে আছে।’
রেলস্টেশন লাগোয়া এলাকা মমিনখলায় থাকেন সমুজ। রেলস্টেশন থেকে ঢাকা-সিলেট রেললাইন ধরে প্রায় এক কিলোমিটার হাঁটলে পৌঁছা যায় শিববাড়ি-পাঠানপাড়া।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুনুর রশিদ বলেন, শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার আদেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার একমাত্র সড়ক সিলেট-ফেঞ্চুগঞ্জের এক কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।