শামারুখ হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন
'ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে ফেলার আশঙ্কাই সত্য হলো'

চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে যশোরে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে ১৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
ঢাকার ধানমন্ডিতে যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের বাসায় ১৩ নভেম্বর শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। শামারুখ সাংসদের পুত্রবধূ। ওই দিনই সাংসদ, তাঁর স্ত্রী জেসমিন আরা ও শামারুখের স্বামী হুমায়ুন সুলতানকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা হয়। হুমায়ুন বর্তমানে কারাগারে আছেন। অন্য দুই আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে রয়েছেন।
২৩ নভেম্বর ধানমন্ডি থানায় পাঠানো ময়নাতদন্ত প্রতিবেদনে শামারুখের মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করা হয়। ১৯ নভেম্বর যশোরে সংবাদ সম্মেলন করে এমন আশঙ্কাই করেছিলেন তাঁর বাবা নুরুল ইসলাম। পরে তিনি মেয়ের লাশের দ্বিতীয় দফায় ময়নাতন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। ২৪ নভেম্বর আদালত লাশ তুলে নতুন ময়নাতদন্তের ব্যবস্থা নিতে যশোর জেলা প্রশাসককে নির্দেশ দেন।
যশোর শহরের গাড়িখানা সড়কে গতকালের মানববন্ধনে বক্তব্য দেন শামারুখের বাবা নুরুল ইসলাম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, জেলা সভাপতি সুরাইয়া শরীফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
নুরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে ফেলার আশঙ্কাই সত্য হলো। প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে নারকীয় হত্যাকাণ্ডকে আত্মহত্যা আখ্যা দিয়ে ঢাকার চিকিৎসকেরা ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ওই ময়নাতদন্ত প্রতিবেদন আমরা মানি না। মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে নতুন করে ময়নাতদন্তের জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করেছিলাম।’
আদালতের রায়ের নথির একটি কপি তাঁর হাতে রয়েছে দাবি করে নুরুল ইসলাম জানান, এতে বলা আছে, জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে সিভিল সার্জনের উপস্থিতিতে লাশ উত্তোলন করবেন। ১৮ ডিসেম্বরের মধ্যে নতুন ময়নাতদন্ত প্রতিবেদন দখিল করতে হবে।
এ ব্যাপারে জানতে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এ প্রতিবেদক। তবে তাঁর দাপ্তরিক মুঠোফোনটি ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালতে রায়ের কপি এখনো আমাদের হাতে আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে।’