‘খবর দিচ্ছি, একদম পিওর খবর। ওখানে সব মিলিয়ে বাংলার মুখের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন) ১২-১৩ জন আছে। এখনই ঘিরে ফেলেন। আর কয়েকজন সাংবাদিক আছেন।’
‘সাংবাদিক কারা কারা? ছবি তুলতে বল না।...একটা ছেলে আছে না মহসিন আই আর সিউ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)।’
‘হ্যাঁ। মহসিনরে খাইতে হবে।’
‘আইচ্ছা ঠিক আছে।’
এ কথোপকথন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও প্রচার সম্পাদক রাশেদুল করিমের (জিশান) ফোনালাপের। ফোনালাপের শুরুতেই কথা বলেন রাশেদুল করিম। এরপর সভাপতি কথা বলেন।
এ ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটি দিয়াজ হত্যা মামলার অন্যতম ক্লু হতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা। দিয়াজ বাংলার মুখের সংগঠক ছিলেন।
এ ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মহসিন ভূঁইয়া। এ ফোনালাপে যে মহসিনের কথা বলা হয়েছে, তিনি সেই মহসিন বলে প্রথম আলোকে জানান। তিনি বলেন, ‘এ ফোনালাপের পর ১১ নভেম্বর আমাকে হত্যার উদ্দেশ্যে শাহ আমানত হলে ছাত্রলীগের সভাপতি পক্ষ আমার ওপর হামলা চালায়। কিন্তু ভাগ্যের জোরে সেদিন আমি বেঁচে যাই। এ ফোনালাপটি এটা স্পষ্ট করে যে তারা দিয়াজ ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
দিয়াজের অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. মামুন বলেন, ‘রাশেদুল করিম দিয়াজের অনুসারী হয়েও তাঁর জানাজায় অংশ না নেওয়ায় তার ওপর আমাদের সন্দেহ হয়। পরে সে দিয়াজের বাসায় আসলে আমরা তার মুঠোফোনটি নিয়ে নিই। তার মুঠোফোন এ ফোনালাপটি পাওয়া গেছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘এটি একটি সাধারণ ফোনালাপ। এতে উদ্বেগজনক কিছুই নেই।’ আর প্রচার সম্পাদক রাশেদুল করিম বলেন, বিষয়টি নিয়ে এ মুহূর্তে তিনি কিছু বলতে চান না। সময় হলে সবাইকে সবকিছু জানাবেন।
এ বিষয়ে দিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ফোনালাপের বিষয়টি শুনেছি। তবে এটি আমরা এখনো পাইনি।’