'মা মারা গেল' বার্তা পাঠিয়ে প্রতারণা
‘মা মারা গেল’ এমন সংবেদনশীল খুদে বার্তা (এসএমএস) লিখে পাঠানো হতো কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ওই নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্তে শুনতে পেতেন হাউমাউ কান্না। তখন ওপাশ থেকে মা-হারানো ব্যক্তিটির ঘনিষ্ঠজন পরিচয়ে কান্নাভেজা কণ্ঠে জানাত, তাদের কাছে লাশ দাফন করার টাকাও নেই। এ সময় টাকা চেয়ে দেওয়া হতো একটি মোবাইল ব্যাংকিং নম্বর। এভাবেই সহানুভূতি কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নিয়ে আসছিল প্রতারক চক্র। চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটি)।
গ্রেপ্তারকৃত প্রতারকেরা হলেন সাইফুল ইসলাম, আশরাফুল আলম ও শরিফুল ইসলাম। গত মঙ্গলবার কাউন্টার টেররিজমের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি দল অভিযান চালিয়ে পঞ্চগড় থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
গতকাল ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রতারক সাইফুল ইসলাম প্রথমে মুঠোফোনে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে এই মুঠোফোন নম্বর (০১৭৫০১৫৯৬৫২) থেকে ‘মা মারা গেল’ লিখে এসএমএস পাঠান।