'মাথা ন্যাড়া করতে নয় বেত মারতে বলছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মাথা ন্যাড়া করতে বলি নাই। বেত মারতে বলছিলাম।’ কথাগুলো নেত্রকোনা সদর উপজেলার বর্নি গ্রামে এক সালিসি বৈঠকে থাকা মাতবর কামাল মিয়ার। ‘যৌন নির্যাতনের শিকার’ এক স্কুলছাত্রী ও তার পরিবারের বিরুদ্ধে উল্টো বিচারের অভিযোগ উঠেছিল বৈঠকের মাতবরদের বিরুদ্ধে।

ওই ছাত্রী নেত্রকোনা সদর উপজেলার স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। ছাত্রী ও তার পরিবারের অভিযোগ, স্থানীয় রতন মিয়া নামের এক যুবক ছাত্রীকে প্রায় সময় উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তার ওপর যৌন নির্যাতন চালান রতন। এ নিয়ে গত বৃহস্পতিবার সালিসি বৈঠক করেন গ্রামের মাতবরেরা। সালিসে ওই ছাত্রীকেই উল্টো অপবাদ দেওয়া হয়। বৈঠকে মাতবরেরা ওই ছাত্রী ও তার বাবার মাথা ন্যাড়া করে গলায় জুতা পরিয়ে গ্রামে ঘোরানো ও বেত মারার সিদ্ধান্ত নেন। কিন্তু ছাত্রী ও তার পরিবার এ সিদ্ধান্ত মেনে নেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে নির্যাতনের অভিযোগ ওঠা রতন ও তাঁর সহযোগীরা বৈঠকেই ছাত্রীর বাবা ও মামাকে বেধড়ক মারধর করে আহত করেন। মারধরের ঘটনায় রতন মিয়া, কয়েকজন মাতবরসহ নয়জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন ছাত্রীর বাবা।

এ ঘটনা নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় ‘নেত্রকোনায় মাতবরদের উল্টো বিচার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল রাত পৌনে আটটার দিকে সালিসি বৈঠকে থাকা মাতবরদের একজন কামাল মিয়া ফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বলছিলাম মাথা ন্যাড়া করার চেয়ে বেত মারা ভালো।’

পুলিশ জানায়, মামলার এজাহারে কামাল মিয়ার নাম নেই।

গতকাল দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বাড়িতে গিয়ে ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দেন।

এদিকে ওই ছাত্রীর বাবার করা মামলার কোনো আসামিকে গতকাল রাত নয়টা পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে আতঙ্কে আছে ছাত্রীর পরিবার। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুর আলম প্রথম আলোকে বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।