'মাদক পারে শুধু জীবনকে ধ্বংস করে দিতে'
বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশই হচ্ছে যুবসমাজ। এই যুবসমাজকে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। কারণ মাদক কখনোই ভালো কিছু দিতে পারে না। মাদক পারে শুধু জীবনকে ধ্বংস করে দিতে।
রাজশাহীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সম্মেলনে গতকাল রোববার বক্তারা এসব কথা বলেন। মহানগর পুলিশের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর। এই সম্মেলনে রাজশাহী নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁরা সবাই মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। রাজশাহী কলেজ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি রুবেল আলী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামান সরকার, অধ্যক্ষ সৈয়দ নীলুফার ফেরদৌস, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডার মান্নান প্রমুখ।