'মাদক ব্যবসায় রাজি না হওয়ায় খুন করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গীদের সঙ্গে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় রাজধানীর খিলগাঁওয়ে যুবলীগের নেতা আরিফ হোসেনকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিহত আরিফের মা আলেয়া বেগম সাতজনকে আসামি করে খিলগাঁও থানায় এই হত্যা মামলা করেন। তবে গতকাল পর্যন্ত এ মামলায় এজাহারভুক্ত কেউ গ্রেপ্তার হয়নি।
খিলগাঁও থানার পুলিশ জানায়, আরিফ হত্যা মামলার আসামিদের মধ্যে রয়েছেন শুভ, কালা আরিফ, ইমরান হোসেন, মিঠু, হাবিবুর রহমান ও জাহিদ হোসেন। এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে শুভ ও তাঁর সহযোগীরা তাঁদের সঙ্গে মাদক ব্যবসা করতে আরিফকে প্ররোচিত করছিলেন। আরিফ মাদক ব্যবসা করতে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী আরিফকে হত্যা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোস্তাফিজ ভূইয়া প্রথম আলোকে বলেন, তিন মাস আগে খিলগাঁও শাহী মসজিদের কাছে শুভর ওপর হামলা করেছিলেন নিহত আরিফ। এর পর থেকে শুভ তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত আরিফের পরিবার ও মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আরিফের ওপর হামলাকারীরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরিফের মামা আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, আরিফ ঢাকা মহানগরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সাইনবোর্ড ও বিলবোর্ডে লেখার ব্যবসা করতেন। হত্যাকারী শুভ তাঁর ঘনিষ্ঠ ছিলেন। শুভ ও তাঁর সহযোগীরা গোড়ান টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এসবের নিয়ন্ত্রণ নিয়ে তাঁরা প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষেও জড়ান। এ কারণে দুই বছর আগে আরিফ তাঁদের সঙ্গ ছেড়ে দেন। এতে তাঁরা আরিফের ওপর ক্ষুব্ধ ছিলেন।
আরিফের প্রতিবেশী খালেক জানান, হামলাকারীরা মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে শুভর নেতৃত্বের দলটি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আরিফের লাশ গতকাল বিকেলে উত্তর গোড়ানের বাসার সামনে নেওয়া হয়। স্বজনেরা জানান, জানাজা শেষে আরিফের মরদেহ খিলগাঁওয়ের বনশ্রী কবরস্থানে দাফন করা হবে।
গত বুধবার রাতে চার-পাঁচজন সন্ত্রাসী খিলগাঁওয়ের জোড়াপুকুরপাড়ে আরিফকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করে।